আজ শুরু হচ্ছে আসিয়ান সম্মেলন
আজ শুরু হচ্ছে আসিয়ান সম্মেলন। সংগৃহীত ছবি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আজ রোববার (১৫ নভেম্বর) শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলন। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের বাণিজ্য, নিরাপত্তা ও চলমান জ্বালানি সঙ্কট নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে। 

Advertisement

সম্মেলনের শেষ পর্যায়ে আগামী মঙ্গলবার ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার এ সফরে ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সাথে একটি পার্শ্ববৈঠক হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কোয়াডভুক্ত দেশগুলোর নেতাদের সাথে এটিই হবে তার প্রথম বৈঠক।

চীনের আঞ্চলিক প্রভাব মোকাবেলার লক্ষ্যে গঠিত জোট কোয়াডের এ বৈঠক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের কয়েক দিন আগে অনুষ্ঠিত হচ্ছে। 

ওই বৈঠক চীনের শেনজেনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, সম্প্রতি পুনর্নির্বাচিত ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রোববার ১১ সদস্যের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সম্মেলনের আয়োজক দেশ ফিলিপাইনের সাথে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবেন।

সম্মেলন ঘিরে মেট্রো ম্যানিলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

প্রগতিশীল সংগঠনগুলো জানিয়েছে, মঙ্গলবার সম্মেলনস্থলে ট্রাম্পবিরোধী পদযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নিতে পারেন।

বিক্ষোভের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ কর্মসূচি। এটি এমন একটি সরবরাহব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ, যার লক্ষ্য সেমিকন্ডাক্টর ও বিরল মৃত্তিকা উপাদানের বাজারে চীনের আধিপত্য মোকাবেলা করা। এ কর্মসূচির আওতায় ফিলিপাইনে ম্যানিলার উত্তরে এক হাজার ৬২০ হেক্টর জমিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে আদিবাসী পরিবারগুলো উচ্ছেদের মুখে পড়তে পারে।

ফিলিপাইনে মার্কিন রাষ্ট্রদূত লি লিপটন গত সপ্তাহে বলেন, ট্রাম্পের সফরের সাথে মিলিয়ে নভেম্বরে এ চুক্তি স্বাক্ষর হতে পারে বলে যে ব্যাপক আলোচনা রয়েছে, তা কখনোই পরিকল্পনায় ছিল না।

অমীমাংসিত বিষয়
শনিবার থেকেই সম্মেলন ঘিরে প্রাথমিক বৈঠক শুরু হয়েছে। এদিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিলিপাইনের সাথে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দেন। একই সময়ে আসিয়ান নেতারা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া থেকে আসা ধোঁয়াশা এবং ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সঙ্কট মোকাবেলায় সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি ভাগাভাগির সম্ভাব্য ব্যবস্থা।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে দেয়া হচ্ছে না। ওই অভ্যুত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

মিয়ানমারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পক্ষে নেতৃত্ব দিচ্ছে দেশটির সীমান্তবর্তী প্রতিবেশী থাইল্যান্ড। গত সপ্তাহে দেশটি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে আবারো আসিয়ানের বৈঠকে অংশ নেয়ার সুযোগ দেয়ার আহ্বান জানায়।

তবে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো শনিবার সাংবাদিকদের বলেন, মিয়ানমারের বিষয়ে আসিয়ানের অবস্থানে ‘কোনো শিথিলতা’ আসেনি। চলতি সপ্তাহের শেষ দিকে দেশটির বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক আদালতে একটি রায় হওয়ার কথা রয়েছে।

এদিকে ফিলিপাইনের সভাপতিত্বের মেয়াদে আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে চীনের বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে একটি আচরণবিধি চূড়ান্ত করার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

সম্মেলনের প্রস্তুতির সাথে যুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার একজন কূটনীতিক এএফপিকে বলেন, এবারের সম্মেলনে আচরণবিধিটি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না।

লাজারোও শনিবার একই ইঙ্গিত দেন। তিনি জানান, এ বিষয়ে আলোচনা ৮০ শতাংশ শেষ হয়েছে।

সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের আসিয়ান স্টাডিজ সেন্টারের সাবেক প্রধান সিউ মুন তাং বলেন, ‘এটি যদি শেষ পর্যন্ত হয়, তাহলে তা হবে ছোটখাটো এক অলৌকিক ঘটনা।’

বেইজিংয়ের প্রভাবের ছায়া
আন্তর্জাতিক আদালতের এক রায়ে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে বলা হয়েছে। তা সত্ত্বেও বেইজিং ওই সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে। এ নিয়ে ফিলিপাইনের সাথে দেশটির কোস্টগার্ডের বারবার সংঘর্ষ হয়েছে।

গত এক বছরে বিভিন্ন সময়ে এ বিরোধ এমন সময় সামনে এসেছে, যখন তা কূটনৈতিক আলোচনাকে জটিল করে তুলেছে। গত জুলাইয়ে পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলন শুরুর এক দিনেরও কম সময় আগে চীন ও ফিলিপাইনের নাবিকদের মধ্যে সংঘর্ষ হয়।

গত মাসে আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে চীন শুধু তাদের দূতাবাসের একজন প্রতিরক্ষা অ্যাটাশেকে পাঠায়। ফিলিপাইনের রাজনীতিবিদদের ‘দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যের কারণ দেখিয়ে বেইজিং এ সিদ্ধান্ত নেয়।

এর এক সপ্তাহ পর চীন সম্পর্কে নিজেদের সরকারি কর্মকর্তাদের মন্তব্যের বিরল সমালোচনা করে ম্যানিলা। দুই দেশের মধ্যে আলোচনা চলার সময় অভিন্ন অবস্থান তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় ফিলিপাইন।

রোববার সম্মেলন শুরুর সময় এর পাঁচ কিলোমিটারেরও কম দূরত্বে একটি বার্ষিক সেমিনারে দক্ষিণ চীন সাগরের ওপর চীনের দাবির বিরোধিতা করে বক্তব্য তুলে ধরা হবে।

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো ওই সেমিনারে মূল বক্তব্য দেবেন। ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের’ অভিযোগে চলতি বছর বেইজিং তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র : বাসস