
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার শুরু হয়েছে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) দুই দিনের মন্ত্রী পর্যায়ের বৈঠক। প্রথম দিনে সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে বসেন। সোমবার মূল বৈঠক অনুষ্ঠিত হবে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু রোববার (১৫ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানায়।
ইকোর ১০ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলগুলোর প্রধানেরা ৩০তম কাউন্সিল অব মিনিস্টার্সের এই বৈঠকে অংশ নিচ্ছেন। এতে ইকো সচিবালয় ও সংস্থাটির অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও রয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন পাকিস্তানের শীর্ষ কূটনীতিক ইসহাক দার।
২০২৬-২৭ মেয়াদে ইকোর সভাপতির দায়িত্ব পালন করছে পাকিস্তান। এ সময়ে ‘সহনশীল ইকোর জন্য আঞ্চলিকতাবাদের পুনর্জাগরণ’ প্রতিপাদ্য সামনে রেখে সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে চায় দেশটি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির সভাপতিত্বের মেয়াদে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি আরো গভীর করার ওপর গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি আঞ্চলিক অংশীদারত্ব ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং আরো সমন্বিত ও সহনশীল একটি ইকো অঞ্চল গড়ে তোলার চেষ্টা থাকবে।
বিবৃতিতে আরো বলা হয়, এ উদ্যোগের মধ্য দিয়ে আঞ্চলিক সহযোগিতা, সংলাপ ও অর্থনৈতিক অংশীদারত্বের কার্যকর মঞ্চ হিসেবে ইকোর ভূমিকা নতুন করে জোরদার করার সুযোগ তৈরি হবে।
বিবৃতিতে বলা হয়, ‘এসব উদ্যোগের ফলে এই অঞ্চলের বিপুল অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে। একই সাথে আঞ্চলিক সহযোগিতার সুফল ইকোর সদস্য দেশগুলোর মানুষের জীবনে বাস্তব উন্নতি বয়ে আনবে।’
১৯৮৫ সালে তুরস্ক, ইরান ও পাকিস্তানের উদ্যোগে ইকো প্রতিষ্ঠিত হয়। ১৯৯২ সালে সংস্থাটির পরিধি বাড়ানো হয়। ওই বছর আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, আজারবাইজান ও তুর্কমেনিস্তান এতে যোগ দেয়। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ১০টি। ইকোর ১০ সদস্য দেশের সম্মিলিত অর্থনীতির বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লাখ কোটি ডলার।
বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া। এদিকে, তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসের (টিআরএনসি) পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলওলু বৈঠকে যোগ দিতে শনিবার ইসলামাবাদে পৌঁছেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








