যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা
যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা। সংগৃহীত ছবি

বেইজিং বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, চীনের বিরুদ্ধে প্রযুক্তিগত ‘অবরোধ’ বৈধ করতেই তারা ভিত্তিহীন গুপ্তচরবৃত্তির অভিযোগ ব্যবহার করছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনা গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি ওঠার পর চীন এ অভিযোগ তোলে।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘চীনের প্রযুক্তিগত অগ্রগতি, স্বাধীন উদ্ভাবন ও উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রযুক্তিগত অবরোধ আরোপের অজুহাত হিসেবে যুক্তরাষ্ট্রের এমন ‘গুপ্তচরবৃত্তি’ সংক্রান্ত গল্প তৈরি করা বন্ধ করা উচিত।’

এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালিত চিপের বিশ্বের শীর্ষ সরবরাহকারী প্রতিষ্ঠানে এনভিডিয়াকে পরিণত করেছেন। তিনি স্বীকার করেছেন যে তার বৈবাহিক সম্পর্কের বাইরে একটি সম্পর্ক ছিল। গণমাধ্যমের প্রতিবেদনে ওই নারীর নাম অ্যালিস হুয়াং বলে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের সাবেক নির্বাহী। মার্কিন কর্মকর্তাদের ধারণা, তিনি চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন।

চীনে উন্নতমানের চিপ বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল করার পক্ষে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন জেনসেন হুয়াং।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর এনভিডিয়ার এইচ২০০ চিপ চীনে রফতানির অনুমোদন দেন। তবে এতে উভয় রাজনৈতিক দলের কট্টরপন্থী মহলের আপত্তি ছিল, তারা আশঙ্কা করে যে এআই প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় বেইজিং এগিয়ে যেতে পারে।

তবে জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির অভিযোগকে চীন ‘ভিত্তিহীন গল্প’ এবং ‘চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা’ বলে উড়িয়ে দিয়েছে।

দক্ষিণ চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে আগামী সপ্তাহে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে এ বিতর্ক নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। 

সূত্র : বাসস