নির্মাণাধীন একটি নৌঘাঁটি পরিদর্শনকালে কিম জং উন
নির্মাণাধীন একটি নৌঘাঁটি পরিদর্শনকালে কিম জং উন । সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নির্মাণাধীন একটি নৌঘাঁটি পরিদর্শন করেছেন। সামুদ্রিক নিরাপত্তার জন্য এটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প’ বলে অভিহিত করেছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

Advertisement

গত সপ্তাহে ‘সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজ’ তৈরির অঙ্গীকারের পর কিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হলো। পারমাণবিক অস্ত্রধারী দেশটি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা দ্রুত এগিয়ে নিচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া নৌবাহিনীর আধুনিকায়নে নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে দেশটি পাঁচ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার বা ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করেছে এবং জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। 

কিম নৌবহরকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি ১০ হাজার টন ওজনের আরো বড় যুদ্ধজাহাজ নির্মাণের অঙ্গীকার করেছেন।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি (কেসিএনএ) ইংরেজিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, কিম পূর্ব উপকূলে একটি বড় নৌঘাঁটির নির্মাণকাজ পরিদর্শন করেন। এ ঘাঁটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে।

কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ‘আধুনিক নৌঘাঁটি নির্মাণ আমাদের রাষ্ট্রের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্বের সুরক্ষার সাথে সরাসরি সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প।’

তিনি আরো বলেন, ‘গুণগত মান বজায় রেখে এটি অবশ্যই সম্পন্ন করতে হবে।’

কেসিএনএ-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে নিয়ে সমুদ্র তীরবর্তী নির্মাণস্থল ঘুরে দেখছেন কিম। অন্য একটি ছবিতে তাকে ঘিরে থাকা কর্মকর্তাদের সাথে কথা বলতে দেখা যায়।

নতুন নৌঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান ও আয়তনসহ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সোমবার উত্তর কোরিয়া নতুন একটি উচ্চগতির টর্পেডো ব্যবস্থা পরীক্ষা করেছে। ২০২৭ সালের শুরুর দিকে এটি নৌবাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে।

গত বছর পারমাণবিক অস্ত্রধারী দেশটি পাঁচ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজের আত্মপ্রকাশ ঘটায়। বিশেষজ্ঞদের ধারণা, জাহাজটি থেকে জাহাজবিধ্বংসী ও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র—উভয় ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।

সূত্র : বাসস