
জ্বালানির উচ্চমূল্যের প্রতিবাদে চিলিতে মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন কয়েকশ ট্রাক ও বাসচালক। এ সময় তারা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেন।
উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চিলির বিস্তৃত রুট-৫ মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হন পরিবহন শ্রমিকরা। এ খাতে ব্যাপকভাবে ব্যবহৃত ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধি থেকে রেহাই পেতে তারা সরকারের কাছে দাবি জানান।
শিল্প খাতের বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধের প্রভাবে গত মার্চ থেকে দেশটিতে ডিজেলের গড় দাম ৭৪ শতাংশ বেড়েছে। এতে অনেক পরিবহন কোম্পানি বড় ধরনের সঙ্কটের মুখে পড়েছে।
মঙ্গলবার বিকেলে সরকারি কর্মকর্তা ও আন্দোলনকারীদের নেতাদের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।
ডানপন্থী কট্টরপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের সরকার কয়েক মাস ধরেই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে জনঅসন্তোষের মুখে রয়েছে।
মার্চে দায়িত্ব নেয়ার কিছুদিন পর কাস্তে জ্বালানির আকস্মিক মূল্যবৃদ্ধির চাপ কমাতে এ ক্ষেত্রে চালু থাকা সরকারি ব্যবস্থার পরিবর্তন করেন। এর ফলে মূল্যবৃদ্ধির পুরো চাপ গিয়ে পড়ে ভোক্তাদের ওপর।
আলোচনা অব্যাহত রাখতে পরিবহন শ্রমিকদের বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদিও আলভারাদোর সাথে বৈঠকে বসার কথা রয়েছে।
মঙ্গলবার সকালে সান্তিয়াগোর কাছে বিক্ষোভে যোগ দেন ট্রাকচালক ক্লদিও এলগুয়েজাবাল। ৪৭ বছর বয়সী এই চালক বলেন, তার সামনে আর কোনো পথ খোলা ছিল না।
তিনি বলেন, ‘এখন আমি কোনো লাভই করতে পারছি না। অনেক সময় খরচ মেটাতে নিজের পকেটের টাকাও দিতে হচ্ছে।’
আন্তঃনগর বাস মালিক সমিতির সভাপতি হুয়ান কোরনেখো ১৪টি মাঝারি আকারের পরিবহন কোম্পানির প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, ‘আমরা আর পারছি না।’
কোরনেখো বলেন, ‘এক মাসেরও বেশি সময় ধরে লোকসান দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে।’
সোমবার কাস্তে ৯০ দিনের জন্য ডিজেল ও পেট্রোলের দাম নিয়ন্ত্রণে একটি বিলের ঘোষণা দেন। তবে কোরনেখো এ উদ্যোগকে ‘তামাশা’ বলে অভিহিত করেন। তিনি সরকারের কাছে আরো ব্যাপক পরিবর্তনের দাবি জানান।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








