চীনের পতাকা
চীনের পতাকা। সংগৃহীত ছবি

বৈশ্বিক সুশাসন আরো উন্নত করতে বিভিন্ন পক্ষের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর লক্ষ্যে তিন দিনব্যাপী প্রথম বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন করেছে চীন। দেশটি বৈশ্বিক সুশাসন উদ্যোগ (জিজিআই) প্রস্তাব করার এক বছর পর এ ফোরামের আয়োজন করা হলো।

Advertisement

শিওংআন থেকে সিনহুয়া জানায়, চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের শিওংআন নিউ এরিয়ায় গত শুক্রবার ‘২০২৬ বৈশ্বিক সুশাসন ফোরাম (শিওংআন)’-এর উদ্বোধন করা হয়।

চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স আয়োজিত এ ফোরামের প্রতিপাদ্য- ‘আস্থা ও সহযোগিতা পুনর্গঠন : পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক সুশাসনের সংস্কার ও উন্নয়ন’।

ফোরামে পাঠানো এক বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বিশ্ব এক শতাব্দীতে দেখা যায়নি- এমন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। শান্তি, উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের ঘাটতি কমার পরিবর্তে বাড়ছে।

তিনি বলেন, ‘আরো ন্যায়সংগত ও ন্যায্য বৈশ্বিক সুশাসন ব্যবস্থা এবং একটি উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে আমি বৈশ্বিক সুশাসন উদ্যোগ (জিজিআই) প্রস্তাব করেছি।’

তিনি আরো বলেন, ব্যাপক পরামর্শ, যৌথ অবদান ও অভিন্ন সুফলের ভিত্তিতে বৈশ্বিক সুশাসনের ধারণা এগিয়ে নিতে চীন সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত। 

আস্থা গড়ে তুলে সম্মিলিত শক্তি বাড়ানো এবং সহযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান তিনি।

শি বলেন, অস্থিরতা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া বিশ্বে আরো বেশি নিশ্চয়তা ও ইতিবাচক শক্তি সঞ্চার করতে জিজিআই বাস্তবায়নে প্রচেষ্টা চালাতে হবে। একইসাথে মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

তুরস্কের আঙ্কারাভিত্তিক সেন্টার ফর এশিয়া-প্যাসিফিক স্টাডিজের পরিচালক সেলচুক চোলাকোগলু বলেন, ফোরামটি বৈশ্বিক সুশাসন বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গির অগ্রগতি পর্যবেক্ষণের একটি সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, ‘এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—সব দেশকে একসাথে আলোচনা, বিশ্ব গঠন এবং সেই অর্জনের সুফল ভাগ করে নেয়ার জন্য আমন্ত্রণ জানানো।’

জাতিসঙ্ঘসহ ৯০টিরও বেশি দেশ এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রায় ৪০০ প্রতিনিধি ফোরামে অংশ নিয়েছেন। তাদের মধ্যে কৌশলগত, রাজনৈতিক, শিক্ষাবিষয়ক, ব্যবসায়িক, গণমাধ্যম ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা রয়েছেন।

নেপালের সাবেক প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি বলেন, জিজিআই সার্বভৌম সমতা, আন্তর্জাতিক আইনের শাসন, বহুপক্ষীয়তা, জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তব ফলাফলের ওপর গুরুত্ব দেয়। এর মাধ্যমে সব পক্ষের জন্য বৈশ্বিক সুশাসন ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা ও সংলাপে আরো সক্রিয়ভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য, ভূরাজনৈতিক উত্তেজনা, সশস্ত্র সংঘাত, জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার মতো গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্যদিকে, ক্রমবর্ধমান সংরক্ষণবাদ ও একতরফা নীতি আন্তর্জাতিক সহযোগিতাকে আরো জটিল করে তুলছে।

ভান্ডারি বলেন, কোনো একক দেশের পক্ষে এসব অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। এ জন্য সব দেশের মধ্যে সংলাপ, জোরদার সহযোগিতা ও যৌথ প্রচেষ্টা প্রয়োজন।

কিরগিজস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুমার্ট ওতোরবায়েভ বলেন, গ্লোবাল সাউথের দেশগুলো জিজিআইকে সমর্থন করে। তারা আধিপত্য বা হস্তক্ষেপের পরিবর্তে প্রবৃদ্ধি, সহযোগিতা ও অগ্রগতির বিশ্ব দেখতে চায়।

জাতিসঙ্ঘের উপমহাসচিব গাই রাইডার বলেন, ‘উন্নয়নশীল দেশগুলোকে যথেষ্ট গুরুত্ব না দিয়েই আমাদের বর্তমান ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তাই জাতিসঙ্ঘে আমাদের সুশাসন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি।’

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আন্তর্জাতিক বিষয়ে গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব ও মতামতের গুরুত্ব বাড়ানো জরুরি। সব পক্ষের সম্মত সময়সূচি ও রোডম্যাপ অনুসারে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার এগিয়ে নিতে হবে এবং নিরাপত্তা পরিষদে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়াতে হবে।

তিনি আরো বলেন, ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) মতো উদীয়মান বহুপক্ষীয় সহযোগিতা কাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকার পূর্ণ সদ্ব্যবহার করা প্রয়োজন।

ওয়াং নতুন নতুন ক্ষেত্রে সুশাসনের নিয়মকানুন উন্নত করার আহ্বান জানান। গভীর সমুদ্র, মেরু অঞ্চল ও মহাকাশের মতো নতুন ক্ষেত্রগুলোকে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সাধারণ ঐকমত্যের ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনার একটি কাঠামো দ্রুত গড়ে তোলার আহ্বান জানান।

ফোরামের সাইডলাইনে এশিয়া সোসাইটির ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি জন এল থর্নটন এবং ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর কলামিস্ট টমাস এল ফ্রিডম্যানের সাথে বৈঠকে ওয়াং বলেন, এআইয়ের যথাযথ উন্নয়ন ও পরিচালনায় চীন ও যুক্তরাষ্ট্রের সক্ষমতা ও দায়িত্ব দু’টিই রয়েছে।

তিনি বলেন, এআইয়ের বিকাশ যেন মানুষের নিয়ন্ত্রণে থাকে এবং জনগণের কল্যাণে কাজে লাগে, তা নিশ্চিত করতে দুই দেশকে যৌথভাবে কাজ করতে হবে।

থর্নটন ও ফ্রিডম্যান বলেন, চীনের আয়োজনে আসন্ন এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকের দিকে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর মনোযোগ দিচ্ছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় অনন্য ও ইতিবাচক ভূমিকা রাখার জন্য চীন এ সুযোগ কাজে লাগাবে বলে তারা প্রত্যাশা করেন।

সূত্র : বাসস