ম্যানিলা, মাঝ আকাশ, সামরিক বিমান, সংঘর্ষ, নিহত, পাইলট, দুর্ঘটনা, অনুসন্ধান, তদন্ত,
মধ্য আকাশে দুই বিমানের সংঘর্ষের আগে ও পরে। সংগৃহীত

ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার দেশটির বিমানবাহিনীর একটি বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিপাইনের বিমানবাহিনী।

Advertisement

দ্য হিন্দুস্তান টাইমস শনিবার (২৪ অক্টোবর) জানায়, ২০২৬ সালের ২৩ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৩টা ৫১ মিনিটে ফার্নান্দো বিমানঘাঁটির সীমানার ভেতরে দুটি এসএফ-২৬০ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় চার পাইলটের মৃত্যু হয়েছে। আর কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফিলিপাইনের বিমানবাহিনী।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর হাতে থাকা সব এসএফ-২৬০ বিমানের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মাঝ আকাশেই সংঘর্ষ

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি ফিলিপাইনের বিমানবাহিনী। তবে এ ঘটনা সম্পর্কে জানেন, এমন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ফিলিপিনো কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, আকাশে উড়ন্ত অবস্থায় বিমান দুটি পরস্পরের সাথে ধাক্কা খায়।

দুর্ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তাঁরা পরিচয় গোপন রাখার শর্তে তথ্য দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী একজন এপিকে জানান, দুটি আসনবিশিষ্ট বিমানের একটি বিমানঘাঁটির ভেতরে সামরিক সদস্যদের ব্যারাকের কাছে গিয়ে পড়ে।

নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধা

নিহত চার পাইলটের পরিবারের সাথে যোগাযোগ রাখছে ফিলিপাইনের বিমানবাহিনী। তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

একই সাথে নিহত পাইলটদের দায়িত্ব পালন ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এর বাইরে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।