রাশিয়া ও চীনের পতাকা
রাশিয়া ও চীনের পতাকা। সংগৃহীত ছবি

ইউরেশিয়ায় ‘বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপের’ নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

Advertisement

রাশিয়া সফররত চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের বৈঠকের সময় বিবৃতিটি প্রকাশ করা হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘দুই পক্ষ মনে করে, বর্তমানে ইউরেশিয়া মহাদেশজুড়ে স্থিতিশীলতা নষ্ট করার প্রধান কারণ হলো বিধ্বংসী বহিরাগত হস্তক্ষেপ। ইউরেশীয় সংহতির প্রক্রিয়া ব্যাহত করার লক্ষ্যে বলপ্রয়োগের মাধ্যমে বহিরাগত চাপ সৃষ্টির যেকোনো পদক্ষেপের তীব্র নিন্দা জানায় দুই পক্ষ।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘পরস্পরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের সাথে সংশ্লিষ্ট বিষয়ে উভয় পক্ষ সব সময় একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করবে। রাশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, উন্নয়ন ও সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়াকে সমর্থন করে চীন। একই সাথে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে চীন।’

তবে বিবৃতিতে পুতিনের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আসন্ন বৈঠকের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বুধবার সাংবাদিকদের বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথমবারের মতো সম্ভাব্য একটি বৈঠকের প্রস্তুতি চলছে।’

তিনি আরো বলেন, আগামী মাসে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের কর্মসূচিতে বৈঠকটি অন্তর্ভুক্ত করাই এর লক্ষ্য।

সূত্র : বাসস