মালয়েশিয়া, ইসরাইল
ইসরাইল-সংশ্লিষ্ট নেভিগেশন অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা মালয়েশিয়ার। সংগৃহীত

ইসরাইলের সাথে সংশ্লিষ্টতার কারণে তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারি কর্মচারীদের নেভিগেশন অ্যাপ ওয়েজ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিবৃতি অনুযায়ী, ইসরাইলে নিবন্ধিত ও দেশটির আইন মেনে পরিচালিত ওয়েজ মোবাইল লিমিটেড ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণ করে—এ বিষয়টি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো বলা হয়, ‘সরকারের সংবেদনশীল তথ্য ও নাগরিকদের ব্যক্তিগত উপাত্ত অবশ্যই সুরক্ষিত রাখতে হবে, যাতে ইসরাইলি শাসকগোষ্ঠী সেগুলো কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে না পারে।’

আনোয়ার ইব্রাহিম সব মালয়েশীয় নাগরিককে ওয়েজ ব্যবহার বন্ধ করে তুজু অ্যাপের মতো স্থানীয় বিকল্প ব্যবহারেরও আহ্বান জানিয়েছেন। তার মতে, এসব অ্যাপ শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দেয়।

বিবৃতিতে আরো বলা হয়, ‘সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। ইসরাইলি শাসকগোষ্ঠী দেশের নিরাপত্তা ও জনগণের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন সব পথ আমরা বন্ধ করে দেবো।’

মুসলিমপ্রধান দেশ মালয়েশিয়া ফিলিস্তিনের অধিকারের জোরালো সমর্থক। ইসরাইলের সাথে দেশটির কোনো কূটনৈতিক সম্পর্ক বা সরাসরি অর্থনৈতিক যোগাযোগ নেই। মালয়েশিয়া সরকার ধারাবাহিকভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।

ওয়েজ ব্যবহারে এই নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের নীতিতে ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও যুক্ত হলো।

ওয়েজ ইসরাইলে তৈরি হয়েছিল। পরে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল অ্যাপটি কিনে নেয়।