নতুন কৌশল,  সিজেপি, অভিজিৎ দীপকে
সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। সংগৃহীত

ভোটার তালিকা সংশোধনীতে অনিয়মের অভিযোগে রাজধানী দিল্লিতে চলমান আন্দোলনের পরবর্তী গতিপথ নির্ধারণে বসছে রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, কারাগারে থাকা তাদের সহকর্মীরা জামিনে ছাড়া পেলেই তারা নতুন কৌশল ঠিক করবেন।

Advertisement

১৮ অক্টোবর ভারতের সংবাদমাধ্যম 'দ্য হিন্দুস্তান টাইমস' জানায়, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে এ আন্দোলন চলছে। বার্তা সংস্থা এএনআইকে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, বিচার বিভাগীয় হেফাজতে থাকা দলের দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ফিরে এলে তারা আনুষ্ঠানিকভাবে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন।

নিজের অবস্থান পরিষ্কার করে দীপকে বলেন, 'সৌরভ আর আশু ফিরে এলে আমরা সবাই বসব। নতুন করে কৌশল সাজাব এবং আন্দোলনের পরবর্তী পথ ঠিক করব। গত কদিনে যেভাবে বেআইনি গ্রেফতার ও আটক করার ঘটনা ঘটেছে, তাতে স্পষ্ট যে আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।' তিনি আরো বলেন, 'তবে আমরা ভয় পাওয়ার বা পিছিয়ে যাওয়ার পাত্র নই। এটি একটি দীর্ঘ লড়াই এবং আমরা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত। আশা করছি, দুজনই আজ মুক্ত হবেন।'

কনট প্লেসে কর্মসূচি পালন করতে যাওয়ার পথে আটক হওয়ার পরদিন, গত শনিবার শর্তসাপেক্ষে জামিন পান দীপকে। ১৬ অক্টোবর শুক্রবার 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি। কিন্তু মিছিল শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তাকে না যাওয়ার নোটিশ দেয় দিল্লি পুলিশ। নোটিশের তোয়াক্কা না করে দীপকে রওনা হলে পথেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

এদিকে সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এখনো হাসিখুশি ভাবেই কারাগারে দিন কাটাচ্ছেন। নিষিদ্ধ থাকা সত্ত্বেও যন্তর মন্তরে ঢুকে পড়ার অভিযোগে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম) গত বুধবার তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। সতীর্থদের কারামুক্তির অপেক্ষায় থাকা দীপকে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ লিখেছেন, 'এখন শুধু ভাইদের ফিরে আসার অপেক্ষা...'।