গোয়ালিয়র, মন্দির, ট্রাক, ধাক্কা, ভক্ত, মৃত্যু
ঘাতক ট্রাক। দ্য হিন্দুস্তান টাইমস

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের ফটকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার গভীর রাতে অনিয়ন্ত্রিত ট্রাকটি রাস্তার পাশের প্রসাদের দোকান ও ভক্তদের পিষে দিয়ে মন্দিরের মূল ফটকে সজোরে ধাক্কা দেয়। বিকট আঘাতে ফটকের দেয়ালের এক অংশ ধসে পড়ে বেশ কয়েকজন ধসে পড়া ইট-পাথরের নিচে চাপা পড়েন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের সবাই গোয়ালিয়র ও পাশের বিভিন্ন জেলার বাসিন্দা।

ঘটনার প্রাথমিক তদন্ত শেষে গোয়ালিয়রের পুলিশ সুপার ধর্মবীর যাদব জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

তিনি বলেন, দুর্গোৎসবের সপ্তমী উপলক্ষে শনিবার রাতে মন্দিরে প্রচুর ভক্তর ঢল নেমেছিল। বাড়তি ভিড়ের কারণে সেখানে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। রাত দেড়টার দিকে চনোর দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাককে ব্যারিকেড দিয়ে পুলিশ থামানোর ইঙ্গিত দেয়। কিন্তু পাহাড়ি ঢালু রাস্তায় ট্রাকের ব্রেক বিকল হয়ে পড়ায় যানটি গতি সামলাতে না পেরে সরাসরি ফুটপাতের দোকান ও ভিড়ের ওপর উঠে যায়।

পুলিশ জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ-ছয়টি প্রসাদের দোকান চুরমার হয়ে যায় এবং সব মিলিয়ে ৪১ জন হতাহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া দেয়ালের নিচ থেকে চাপা পড়া ব্যক্তিদের বের করে আনেন। গোয়ালিয়রের জেলা কালেক্টর রুচিকা চৌহান জানিয়েছেন, রেড ক্রসের তহবিল থেকে আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।