
চীন ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিউ ইয়ালু নদী সেতু আগামী ১৫ অক্টোবর চালু হচ্ছে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি চালু উপলক্ষে দুই দেশ যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে।
দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চীন ২০১৪ সালে সেতুটির নিজ অংশের নির্মাণকাজ শেষ করে। তবে উত্তর কোরিয়ার অংশে সংযোগ সড়ক ও শুল্কসুবিধা নির্মাণ অসমাপ্ত থেকে যায়। পিয়ংইয়ংয়ের পরমাণু পরীক্ষা এবং এর জেরে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়ায় সেতুটি চালু করা সম্ভব হয়নি।
নতুন সেতুটি চালুর মধ্য দিয়ে বেইজিং ও পিয়ংইয়ংয়ের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়া রাশিয়ার সাথে তাদের প্রথম সড়কসেতু চালু করে।
চীনের শুল্কসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত বছর উত্তর কোরিয়ায় দেশটির রপ্তানি বেড়ে ২৩০ কোটি ডলারে পৌঁছায়, যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। আগের বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ। তবে ২০১৭ সালে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের আগের পর্যায়ের তুলনায় এই রপ্তানি এখনো অনেক কম।
সূত্র : রয়টার্স
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








