মিন অং হ্লাইং
মিন অং হ্লাইং । সংগৃহীত ছবি

মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং বৃহস্পতিবার (৮ অক্টোবর) বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির যেসব অভিবাসী মালয়েশিয়ার আটককেন্দ্রে রয়েছেন, তাদেরকে ‘যতটা দ্রুত সম্ভব’ দেশে ফিরিয়ে নেয়া হবে।

Advertisement

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিয়ানমারের অভিবাসীদের দেশে ফেরানোর বিষয়ে আলোচনার জন্য হ্লাইংকে আমন্ত্রণ জানান।

প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সাথে যৌথ সংবাদ সম্মেলনে মিন অং হ্লাইং বলেন, ‘যেসব ব্যক্তির মিয়ানমারের নাগরিকত্ব যাচাই করা হয়েছে, তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা দেশে ফিরিয়ে নেব।’

ক্ষমতা দখলের পর মালয়েশিয়ায় এটিই মিন অং হ্লাইংয়ের প্রথম সফর। হাজার হাজার মিয়ানমারের অভিবাসীকে দেশে ফেরাতে তাদের সহযোগিতা পাওয়ার চেষ্টা করছে কুয়ালালামপুর।

তবে এই স্বচ্ছতাহীন প্রত্যাবাসন কর্মসূচি নিয়ে মানবাধিকার পর্যবেক্ষকরা সমালোচনা করেছেন। তাদের কেউ কেউ আশঙ্কা করছেন যে জাতিগত রোহিঙ্গাদের এমন একটি দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে এবং যাকে অনেকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন।

দুই দিনের এই সফরের সময় মিন অং হ্লাইং কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা জোরদার করছেন। 

এপ্রিলে তাকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এর আগে অনুষ্ঠিত নির্বাচনকে গণতন্ত্র পর্যবেক্ষকরা প্রহসন বলে আখ্যায়িত করেছিলেন।

বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার মিয়ানমারের অভিবাসীদের ফিরিয়ে নেয়ার জন্য দেশটির প্রতি আবারো কৃতজ্ঞতা জানান। 

তিনি মিন অং হ্লাইংয়ের ‘খোলামেলা মনোভাব ও সহযোগিতার ইচ্ছার’ জন্য তাকে ধন্যবাদ জানান।

সূত্র : বাসস