
টানা ৩৭ দিন বৃষ্টির পর অবশেষে রৌদ্রোজ্জ্বল সপ্তাহান্ত দেখল জাপানের রাজধানী টোকিও। এর মধ্য দিয়ে শহরটিতে বৃষ্টির টানা দিনের নতুন রেকর্ডেরও অবসান হয়েছে।
জাপানে সাধারণত জুন মাসে বর্ষাকাল শুরু হয়। তবে এ বছর গ্রীষ্মজুড়ে টোকিওতে নিয়মিত ভারী বৃষ্টিপাত হয়েছে।
একই সময়ে টোকিও মহানগরীর বিভিন্ন এলাকাতেও বন্যার সৃষ্টি হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জাপানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বাড়ছে। এতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবারের বৃষ্টির মধ্য দিয়ে টোকিওতে টানা বৃষ্টির দীর্ঘতম সময় শেষ হয়। ১৮৮৬ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই ছিল শহরটির সবচেয়ে দীর্ঘ বৃষ্টির ধারা।
জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) কর্মকর্তা এরি কাওয়ানামি এএফপিকে বলেন, ‘গত ২৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৩৭ দিন বৃষ্টি হয়েছে। এটিই ছিল বৃষ্টির সবচেয়ে দীর্ঘ ধারাবাহিকতা।’
জেএমএর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে টোকিওতে মোট ৬৯৬ দশমিক ৫ মিলিমিটার (২৭ দশমিক ৪ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এটি ওই সময়ের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় তিন গুণেরও বেশি।
চলতি বছর বিশ্বজুড়ে আবহাওয়ার ওপর এল নিনো পরিস্থিতিরও প্রভাব রয়েছে। এল নিনোর কারণে বাতাসের গতিপথ, বায়ুচাপ ও মেঘের বিন্যাসে পরিবর্তন ঘটে। এর ফলে কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে, আবার অন্য কোথাও দেখা দিতে পারে খরা।
এদিকে, থাইল্যান্ডেও সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র আবহাওয়াজনিত একটি পরিস্থিতির কারণে দেশটিতে ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে বন্যায় ২৩ জনের মৃত্যু হয়েছে।
সূত্র : এএফপি/বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








