সাগর, ব্যালিস্টিক, ক্ষেপণাস্ত্র, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া,
কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র।। সংগৃহীত

সাগরের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের বন্দরনগরী ওনসান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

Advertisement

আল জাজিরার প্রতিবেদনে (৩ সেপ্টেম্বর)  জানানো হয়, শনিবার সকালে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, পরিস্থিতি পর্যালোচনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দপ্তর জরুরি বৈঠক ডেকেছে। নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার আশঙ্কায় সামরিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় করছে সিউল।

উত্তর কোরিয়ার এই পদক্ষেপের পর জাপানও জরুরি সতর্কতা জারি করে। অন্যদিকে, মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে বর্তমান মূল্যায়ন অনুযায়ী, এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।

সম্প্রতি সামরিক সীমারেখার দক্ষিণে উত্তর কোরিয়ার ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা গুরুতর আহত হন। এ ঘটনায় সিউল ক্ষমা চাওয়ার দাবি জানালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সেই দাবি উড়িয়ে দেন। তিনি একে 'হাস্যকর' বলেও আখ্যা দেন। তিনি জানান, দক্ষিণ কোরিয়ার সাথে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে পিয়ংইয়ং।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা, তাজা গোলাবর্ষণের মহড়া এবং নতুন যুদ্ধজাহাজ উন্মোচনসহ ধারাবাহিকভাবে সামরিক শক্তি প্রদর্শন করে আসছে উত্তর কোরিয়া। শনিবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেও সেই তৎপরতারই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।