ওয়াং ই, তাইওয়ান, জাপান,অবস্থান, সংশোধন, চীন,
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আনদোলু

তাইওয়ান ইস্যুতে জাপানের নেতার বক্তব্য ও অবস্থান সংশোধনের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ও জাপানের সম্পর্ক আবারো গুরুতর সংকটের মুখে পড়েছে। এ সম্পর্ককে স্বাভাবিক করতে হবে।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জানায়, সোমবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাপান অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের প্রধান তাকেশি ইওয়ায়ার সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। সংগঠনটি মূলত চীনের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে কাজ করে।

বৈঠকে ওয়াং ই বলেন, ‘জাপানের জন্য এখন জরুরি কাজ হলো, তাইওয়ান প্রশ্নে দেশটির নেতাদের ভুল বক্তব্য ও কর্মকাণ্ড যত দ্রুত সম্ভব সংশোধন করা।’

তিনি বলেন, চীন-জাপান সম্পর্ক আবারো ‘গুরুতর পরিস্থিতির’ মুখে পড়েছে। এ সম্পর্ক আবারো স্বাভাবিক করতে হবে।

জাপানের যুদ্ধ-পরবর্তী ‘শান্তিবাদী সংবিধান’ চ্যালেঞ্জ করা কিংবা যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের চেষ্টা না করতেও দেশটির প্রতি সতর্কবার্তা দেন ওয়াং ই। তিনি উল্লেখ করেন, চলতি বছর টোকিও বিচার শুরুর ৮০তম বার্ষিকী।

বৈঠকে জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়াও দুই দেশের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে বিবৃতিতে জানানো হয়।

গত বছরের নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছিলেন, চীন তাইওয়ানে হামলা চালালে তা জাপানের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে টোকিও সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। বেইজিং বারবার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে।

এদিকে, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের টাইফন ক্ষেপণাস্ত্রব্যবস্থা আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে ওকিনাওয়ার কাদেনা বিমানঘাঁটিতে সরিয়ে নেয়া হবে। মঙ্গলবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির বরাত দিয়ে এ খবর জানিয়েছে কিয়োদো নিউজ। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এ ব্যবস্থাটি সেখানে স্থায়ীভাবে মোতায়েন করা হবে না।

ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি মোতায়েনের সমালোচনা করেছে চীন।

তবে টানাপোড়েনের মধ্যেও আগামী বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ৫৫ বছর পূর্তি পালন করবে।