মাহাথির মোহাম্মদের স্ত্রীর ইন্তেকাল
মাহাথির মোহাম্মদ ও তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলি। সংগৃহীত

মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালন করা সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলি (১০০) ইন্তেকাল করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর কার্যালয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন।

দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনে স্বামীর রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি জনস্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রেখেছেন সিতি হাসমাহ মোহাম্মদ আলি।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা বলছে, কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মৃত্যু হয় তার। তাদের ছেলে মোকজানি মাহাথিরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বার্তাসংস্থা বারনামা।

ব্যক্তিজীবনে নিজের গুণেই জনপ্রিয় ও সম্মানিত ছিলেন সিতি হাসমাহ। সহজ-সরল জীবনযাপন, আন্তরিকতা ও হাস্যরসের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন।

১৯৪০-এর দশকের শেষ দিকে সিঙ্গাপুরে মেডিক্যাল কলেজে পড়ার সময় প্রথম পরিচয় হয় মাহাথির ও সিতি হাসমাহর। চলতি বছরের আগস্টে তারা ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। এই দম্পতির সাত সন্তান রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী মোকজানি মাহাথির, সমাজকর্মী মারিনা মাহাথির এবং প্রভাবশালী রাজনীতিক মুখরিজ মাহাথির।

১০১ বছর বয়সী মাহাথির প্রায়ই বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার ও সাফল্যের পেছনে স্ত্রী সিতি হাসমাহর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন এক সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জনের জন্য অটল ছিলেন, যখন মালয় নারীদের মধ্যে উচ্চশিক্ষা নেয়া ছিল খুবই বিরল।