ব্যাংকক, বন্যা, ক্ষতিগ্রস্ত, থাইল্যান্ড
ব্যাংককের বন্যা আক্রান্ত একটি অঞ্চল। আনদোলু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যায় প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীসহ তিনটি প্রদেশে দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু সোমবার (২৮ সেপ্টেম্বর) জানায়, বন্যার কারণে ব্যাংকক, ননথাবুরি, পাথুম থানি ও সামুত প্রাকানে সোমবার ও মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানী ব্যাংককে প্রায় ৩ লাখ ২৯ হাজার পরিবার, অর্থাৎ প্রায় ৭ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে নিম্নচাপটি সরে যাওয়ায় ব্যাংককে বৃষ্টি কমেছে। তবে মৌসুমি বৃষ্টি এখনো চলছে। বিশেষ করে রাজধানীর পূর্বাঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে।

রাতভর নং চক এলাকায় প্রায় ৬২ মিলিমিটার, লাত ক্রাবাংয়ে ৫৫ মিলিমিটার এবং মিন বুরিতে ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেন, বড় খালগুলোর পানি কমানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাওয়েত বুরিরোম ও লাত ফ্রাও খাল। এতে সড়ক ও আবাসিক এলাকা থেকে পানি সরানো যাবে।

লাত ক্রাবাং, ব্যাং কপি, খান না ইয়াও, সাই মাই, সুয়ান লুয়াং, সাফান সুং ও লাখ সি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে।

পেচাবুরি সড়কের কিছু অংশ আবার খুলে দেয়া হয়েছে। ভিবাভাদি রাংসিত সড়কেও চলাচল কিছুটা সহজ হয়েছে। তবে কয়েকটি এলাকায় এখনো পানি জমে আছে।

ব্যাংকক মহানগর কর্তৃপক্ষ প্রায় ১ হাজার ৫০০ শয্যাশায়ী রোগীকে শহরের বিভিন্ন হাসপাতালে সরিয়ে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার আবেদনের ওপর নজর রাখছে কর্তৃপক্ষ।

এ ছাড়া প্রস্তুত খাবার, পানীয় পানি, উঁচু যানবাহন, তলদেশ সমতল নৌকা ও ভ্রাম্যমাণ রান্নাঘরসহ ত্রাণসামগ্রী চাওয়া হয়েছে।