ব্যাংকক, বন্যা, দুর্যোগকবলিত এলাকা,গভর্নর, থাইল্যানন্ড
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারী বৃষ্টিতে প্লাবিত জনপদ। রয়টার্স

টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শনিবার রাজধানীকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন ব্যাংককের গভর্নর। এদিকে সপ্তাহান্তজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্স শনিবার (২৬ সেপ্টেম্বর) জানায়, গত ৪৮ ঘণ্টায় ব্যাংককে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে প্রধান সড়কগুলো পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও গাড়ির একাংশ পানিতে তলিয়ে গেছে। মানুষকে কোমরসমান পানি পেরিয়ে চলাচল করতে দেখা গেছে।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেন, এই পরিস্থিতি 'মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে'। এতে সরকারি ও বেসরকারি সম্পদেরও ক্ষতি হতে পারে। খালের আশপাশের এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ বলে জানান তিনি।

সেনাবাহিনী জানিয়েছে, তারা আশ্রয়কেন্দ্র ও মাঠপর্যায়ে খাবারের রান্নাঘর স্থাপন করছে। ব্যাংকক মহানগর প্রশাসন কয়েকটি স্কুলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

বন্যার আশঙ্কায় সুপারশপগুলোতেও মানুষের ভিড় বেড়েছে। অনেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে মজুত করছেন।

১৯ বছর বয়সী সানসুক লাওয়াচারাকুল বলেন, 'আমিও চিন্তিত। আগে থেকে খাবার মজুত করে রাখিনি। বাবা-মা সাথে না থাকায় এর আগে কখনো একা এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।'

শনিবার সরকার খালের আশপাশের বাসিন্দাদের জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে নিতে জরুরি পরামর্শ দিয়েছে। ব্যাংককের বাসিন্দা সুপ্পাকার্ন জুলাভিজিতফং বলেন, সতর্কবার্তা দেয়ার আগে তিনি সরিয়ে যাওয়ার কথা ভাবেননি। বন্যার পানিতে ঘেরা একটি আবাসিক ভবন থেকে মালপত্র সরানোর সময় তিনি এ কথা বলেন।

রাজধানীর প্রধান বিমানবন্দর সুবর্ণভূমি স্বাভাবিকভাবে চালু রয়েছে। তবে পর্যটন কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রাপথে অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা সময় হাতে রাখার পরামর্শ দিয়েছে।

এর আগে নভেম্বরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড। দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে অন্তত ১৪৫ জন মারা যান এবং হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।