
ফিলিপাইনের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ কমপক্ষে তিনজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দক্ষিণ ফিলিপাইনের সাউথ কোটাবাতো প্রদেশের বাঙ্গা শহরে এই গোলাগুলির ঘটনা ঘটে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মী জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’জন শিক্ষার্থী ছিল। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার বয়স ১৪ থেকে ১৭ বছর।
সাউথ কোটাবাতোর প্রাদেশিক গভর্নর রেইনালদো তাময়ো জানান, হামলার পর সন্দেহভাজন ১৬ বছর বয়সী বন্দুকধারী নিজেই নিজেকে গুলি করে।
তবে এ ঘটনায় মোট কতজন বন্দুকধারী জড়িত ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত জুন মাস থেকে দেশটিতে স্কুলে গোলাগুলির এটি তৃতীয় প্রাণঘাতী ঘটনা।
সূত্র : আল জাজিরা







