কথাশিল্পী
মীর মশাররফের যাদুঘর। নয়া দিগন্ত

বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় তার জন্মভিটায় তিন দিনব্যাপী গ্রামীণ মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাঠিখেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। অথচ বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখা এই সাহিত্যিকের জন্মস্থান ঘিরে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়নি। 

Advertisement

একসময় সাত দিনব্যাপী মেলা, সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন, স্মরণিকা প্রকাশ এবং রাষ্ট্রীয় পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে মুখর থাকত যে প্রাঙ্গণ, এখন সেখানে সীমিত পরিসরে পালিত হচ্ছে জন্ম ও মৃত্যুবার্ষিকী। গড়ে ওঠেনি প্রত্যাশিত স্মৃতি কমপ্লেক্স, আধুনিক জাদুঘর কিংবা সমৃদ্ধ গবেষণাগার ও লাইব্রেরি। সাহিত্যিকের যথাযথ মূল্যায়ন, প্রচার-প্রচারণা এবং জন্মভিটা সংরক্ষণে সরকারি ও স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগের ঘাটতি নিয়ে হতাশ শিক্ষক, গবেষক, দর্শনার্থী ও এলাকাবাসী।

‘বিষাদ-সিন্ধু’, ‘জমিদার দর্পণ’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘গাজী মিয়ার বস্তানী’, ‘গো-জীবনসহ অসংখ্য রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি। উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা, গান ও সাংবাদিকতাসহ সাহিত্যের নানা শাখায় ছিল তার বিচরণ। তার ‘বিষাদ-সিন্ধু’ বাংলা সাহিত্যের এক অনন্য গদ্য মহাকাব্য। অন্যদিকে ‘জমিদার দর্পণ’ ও ‘উদাসীন পথিকের মনের কথায় উঠে এসেছে তৎকালীন সমাজব্যবস্থা, জমিদারি শোষণ, নীলকরদের অত্যাচার এবং মানুষের জীবনসংগ্রামের বাস্তব চিত্র। 

সাহিত্যকর্মের পাশাপাশি সাংবাদিকতা ও সাময়িকপত্র সম্পাদনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ‘আজিজুন নেহার’ ও ‘হিতকরী’ পত্রিকা প্রকাশ ও সম্পাদনার মধ্য দিয়ে এ অঞ্চলের সাংবাদিকতার ইতিহাসেও যুক্ত করেছেন স্বতন্ত্র পরিচয়।

বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরীর মতে, মীর মশাররফ হোসেনকে শুধু বাঙালি মুসলমানের সাহিত্যিক হিসেবে দেখার সুযোগ নেই; তিনি সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ স্রষ্টা। 

তিনি বলেন, ‘উনিশ শতকের বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর কিংবা মধুসূদনের যেমন গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তেমনি মীর মশাররফ হোসেনেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তার অবদান সম্পর্কে আমরা খুব বেশি জানি না, কিংবা জানার চেষ্টাও করি না। তিনি ছিলেন একজন সভ্যসাচী লেখক। উপন্যাস, উপাখ্যান, নকশা, নাটক, প্রহসন, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, গান, এমনকি স্কুলপাঠ্য বইও লিখেছেন।’

তিনি বলেন, ‘জমিদার দর্পণ’, ‘বিষাদ-সিন্ধু’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘গাজী মিয়ার বস্তানী’, ‘এর উপায় কী’, ‘গো-জীবন’, ‘ইসলামের জয়’ ও ‘মদিনার গৌরব’ তার উল্লেখযোগ্য রচনা। এর মধ্যে ‘বিষাদ-সিন্ধু’ ও ‘জমিদার দর্পণ’ চিরায়ত সাহিত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। তার সাংবাদিক পরিচয়ও সমান গুরুত্বপূর্ণ। কাঙাল হরিনাথের সাংবাদিকতার ধারার উত্তরসূরি হিসেবে মীর মশাররফ হোসেন ১৮৭০-এর দশকে ‘আজিজুন নেহার’ এবং ১৮৯০ সালে ‘হিতকরী’ পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন।

অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেন, ‘বিষাদ-সিন্ধু’ ইংরেজিতে অনূদিত হয়েছে, ভারতবর্ষ থেকেও এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে। গত শতকের ত্রিশের দশকে এর হিন্দি অনুবাদও প্রকাশিত হয়। অথচ আমরা তাকে আবেগে স্মরণ করি, কিন্তু তার সাহিত্য মানুষের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগী নই। তার লেখায় উদারতা, অসাম্প্রদায়িকতা, সমাজমনস্কতা ও মানবপ্রেমের যে পরিচয় পাওয়া যায়, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া প্রয়োজন। তার ভাষায়, ‘জগৎ পরাধীন কিন্তু মন স্বাধীন।’ এই মননের স্বাধীনতা ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত করতে তার সাহিত্যচর্চা বাড়াতে হবে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ বলেন, ‘মীর মশাররফ হোসেন শুধু কুষ্টিয়ার সম্পদ নন, তিনি সমগ্র বাংলাদেশের সম্পদ। বাংলা ভাষাভাষী সব মানুষের কাছেই তিনি একজন কালজয়ী সাহিত্যিক। তিনি যখন বাংলা ভাষায় সাহিত্যচর্চা শুরু করেন, তখন মুসলমানদের মধ্যে তার মতো উল্লেখযোগ্য সাহিত্যিক তাঁর আগে আর কাউকে আমরা পাইনি।’

তিনি বলেন, ‘নিকট অতীতে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে লাহিনীপাড়ায় বেশ সাড়ম্বরে অনুষ্ঠান ও কয়েক দিনের মেলার আয়োজন হতো। প্রত্যাশা ছিল, বাস্তুভিটাকে কেন্দ্র করে একটি কমপ্লেক্স, সমৃদ্ধ লাইব্রেরি এবং নিয়মিত স্মরণিকা প্রকাশ করা হবে। কিন্তু এখন সে ধরনের আয়োজন দেখা যায় না। কেন আগের আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করা যাচ্ছে না, তা বলা কঠিন।’ 

তবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সাথে কার্যকর সমন্বয় থাকলে তাকে ঘিরে আরও বৃহৎ পরিসরে কাজ করা সম্ভব হতো বলে মনে করেন তিনি।

বর্তমানে জন্মভিটায় মীর মশাররফ হোসেনের ছবি, ব্যবহৃত চেয়ারসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন এবং একটি পাঠাগার থাকলেও সেগুলো আরও সমৃদ্ধ করার উদ্যোগ দৃশ্যমান নয়।

তার নামে প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল বলেন, ‘১৯৮১ সাল থেকে তিনি মীর মশাররফ হোসেনকে নতুন করে মানুষের সামনে তুলে ধরার উদ্যোগের সাথে যুক্ত। প্রথমদিকে মৃত্যুবার্ষিকীতে দোয়া এবং জন্মদিনে ছোট আয়োজনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে সাত দিনব্যাপী মীর উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। কিন্তু এত বছরেও তার স্মৃতি সংরক্ষণের জন্য প্রত্যাশিত মানের স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তার নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মসজিদ প্রতিষ্ঠা হলেও রাষ্ট্রীয় পর্যায়ে আরও বড় উদ্যোগ প্রয়োজন।’

স্থানীয়দের দাবি, শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকীতে ফুল দেয়া, আলোচনা সভা কিংবা কয়েক দিনের মেলা আয়োজনের মধ্যে মীর মশাররফ হোসেনকে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তার বাস্তুভিটাকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ স্মৃতি কমপ্লেক্স, আধুনিক জাদুঘর, সমৃদ্ধ লাইব্রেরি ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাশাপাশি নিয়মিত সাহিত্য সম্মেলন, নাট্যোৎসব, স্মরণিকা প্রকাশ এবং নতুন প্রজন্মের জন্য পাঠচর্চার পরিবেশ গড়ে তুলতে হবে। 

তাদের প্রত্যাশা, আনুষ্ঠানিকতার বৃত্ত থেকে বেরিয়ে সরকারি ও স্থানীয় প্রশাসন সমন্বিত উদ্যোগ নেবে। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জন্মভিটা একদিন হয়ে উঠবে সাহিত্য, গবেষণা ও সংস্কৃতিচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র।