
শুক্রবার (১৩ নভেম্বর) এই উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে তার পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা নানা আয়োজনে লেখককে স্মরণ করবেন।
লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই ছেলে নিনিত ও নিষাদের উপস্থিতিতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করা হবে। এ সময় লেখকের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত থাকবেন।
লেখক হুমায়ূন আহমেদের অনুরাগীরা জানায়, বাংলা সাহিত্যে জনপ্রিয়তার নিরিখে আমাদের কালে এখন পর্যন্ত দ্বিতীয় কোনো হুমায়ূন আহমেদ তৈরি হননি। এখানেই তার সাহিত্যশক্তির প্রগাঢ়তার সারবত্তা নিহিত। তরুণ প্রজন্মকে পাঠোন্মুখ করার সবচেয়ে বড় কৃতিত্ব হুমায়ূনের। তার নির্মিত টেলিভিশন নাটক ও চলচ্চিত্র বাংলা শিল্প-সংস্কৃতির অনন্য সম্পদ।
যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন, নুহাশপল্লীর নন্দনকানন— সেখানকার বৃক্ষশোভা বিনির্মাণে প্রকৃতির সখা হিসেবেই যেন নিজেকে দাঁড় করিয়েছিলেন। মানবীয় সম্পর্ক, প্রেম, রহস্য ও জীবনবোধের রসায়ন জানতে হুমায়ূন-পাঠ প্রাসঙ্গিক।
হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তার নানা বাড়িতে। তার পৈতৃক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নুহাশপল্লীর ব্যবস্থাপক মো: মাসুদ পারভেজ বলেন, ‘প্রতিবারের মতোই অন্যান্য অনুষ্ঠানসূচি চলবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








