সাহিত্যিক
সাহিত্যিক মীর মশাররফ হোসেন। সংগৃহীত

আজ ১৩ নভেম্বর উপমহাদেশের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী।

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) এ উপলক্ষে রাজবাড়ীর পদমদী গ্রামের মীরের সমাধি স্মৃতিকেন্দ্রে আসছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক।

বাংলা সাহিত্যের কালজয়ী মুসলিম সাহিত্য বিষাদ সিন্ধুর রচয়িতা ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখরিত হতে যাচ্ছে তার স্মৃতিবিজড়িত জন্মভিটা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রাম। 

‘বিষাদ-সিন্ধু’সহ বাংলা সাহিত্যের অসামান্য সব সৃষ্টির মাধ্যমে অমর হয়ে থাকা এই সাহিত্যিকের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও সেমিনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলা অ্যাকাডেমির ড. মো: সেলিম রেজা। এছাড়া বিশেষ অতিথি, আলোচক ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আয়োজনে সভাপতিত্ব করবেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। বালিয়াকান্দির নবাবপুর ইউপির সাহিত্যিকের স্মৃতি বিজরীত পদমদী গ্রামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে। 

উল্লেখ্য, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের এক অনন্য নাম। তার কালজয়ী সাহিত্যকর্ম আজও পাঠকসমাজকে সমৃদ্ধ করছে। তার জন্মবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তার সাহিত্যকর্ম, জীবন ও অবদান তুলে ধরার পাশাপাশি পদমদীর ঐতিহাসিক গুরুত্বও নতুনভাবে আলোচনায় আসবে।