ইরান, নিষেধাজ্ঞা, অবিলম্বে,  চীন, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ,
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের একটি বৈঠকের ফাইল ছবি। সংগৃহীত

 

Advertisement

ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। একই সাথে দেশটির জনগণের ক্ষতি করছে—এমন একতরফা নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের একটি কমিটির বৈঠকে বুধবার চীনের প্রতিনিধি এসব কথা বলেন। আল জাজিরা আরো জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হচ্ছে এবং তা ক্রমেই গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেন চীনা প্রতিনিধি।

তিনি বলেন, ‘ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি চীনের সমর্থন রয়েছে।’

চীনা কূটনীতিক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের নিজস্ব উন্নয়নের পথকে সম্মান জানানোর আহ্বান জানান। মানবাধিকারের অজুহাতে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতেও বলেন তিনি।

এ ছাড়া ইরানিদের অধিকার ক্ষুণ্ন করছে—এমন একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা তুলে নিতে এবং দেশটির মানুষের জীবনযাত্রার পরিস্থিতি আরো খারাপ হয়, এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান চীনের প্রতিনিধি।

ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির পর চীন এসব বক্তব্য দেয়। ওই প্রস্তাবের বিরোধিতা করেছিল বেইজিং।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে চীনা প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সংলাপ ও আলোচনাই একমাত্র পথ।