
জুম, বিবিসি, সিএনএন, এইচএসবিসি, আইকিয়াসহ বিশ্বের ১৭৮টি পরিচিত ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মে সাইবার হামলা হয়েছে। এসব ওয়েবসাইটে প্রবেশকারীদের আর্থিক তথ্য, ক্রিপ্টোকারেন্সি, ব্রাউজারের কুকি ও স্ক্রিনশট চুরির চেষ্টা করেছে হামলাকারীরা। এমনকি আইফোন ও আইপ্যাডে স্পাইওয়্যার ঢুকিয়ে দেয়ারও চেষ্টা চালানো হয়েছে।
ভারতের ওয়েবসাইট আউটলুক মঙ্গলবার (১৭ নভেম্বর) এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু একই দিন এ খবর জানায়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিপোর্ট ইউআরআইয়ের তথ্য অনুযায়ী, অপটিমাইজেলি নামের একটি ওয়েবসাইট অপটিমাইজেশন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড ছড়িয়ে এই হামলা চালানো হয়।
হামলার শিকার ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে জুম, বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, সেলসফোর্স, গিটল্যাব, আইকিয়া, এইচএসবিসি, ইকুইফ্যাক্স, এয়ার ফ্রান্স-কেএলএম, ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণের হার্ডওয়্যার ওয়ালেট নির্মাতা লেজার এবং ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিকক। ব্যাংকিং, প্রযুক্তি, খুচরা ব্যবসা ও সংবাদমাধ্যমসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান এতে আক্রান্ত হয়েছে।
সাইবার নিরাপত্তা গবেষক ও রিপোর্ট ইউআরআইয়ের প্রতিষ্ঠাতা স্কট হেলমে জানান, ১৬ নভেম্বর এসব ওয়েবসাইটে প্রবেশকারীদের কাছে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড পাঠানো হয়। এ কোডের মাধ্যমে গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য, ব্রাউজারের কুকি এবং স্ক্রিনশট হাতিয়ে নেয়ার চেষ্টা চলে। অনলাইনে অর্থ পরিশোধের সময় ক্রিপ্টোকারেন্সি চুরি করাও ছিল হামলাকারীদের লক্ষ্য। লেনদেনের সময় ক্রিপ্টোকারেন্সি পাঠানোর ওয়ালেট ঠিকানা বদলে হামলাকারীদের নিয়ন্ত্রণাধীন ঠিকানা বসিয়ে দেয়ার ব্যবস্থাও ছিল ম্যালওয়্যারে।
হেলমের তথ্য অনুযায়ী, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘কোরুনা’ ও ‘ডার্কসোর্ড’ নামের দুটি আইওএস এক্সপ্লয়েট কিটও ছড়িয়ে দেয়া হয়। এসব প্রযুক্তি কাজে লাগিয়ে অ্যাপলের ডিভাইসে আক্রমণের চেষ্টা করা হয়েছে। হামলাকারীদের কাছে ক্রিপ্টোকারেন্সি চুরির প্রমাণও পাওয়া গেছে। তাদের নিয়ন্ত্রণাধীন ওয়ালেটে সম্পন্ন হওয়া লেনদেন যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
যেভাবে হামলা চালানো হয়
হেলমে জানান, অপটিমাইজেলি ওয়েব নামের প্ল্যাটফর্মটির জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করত আক্রান্ত ১৭৮টি ওয়েবসাইট। ওয়েবসাইটগুলোর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও নিজস্ব কোড পরিচালনার কাজে এসব কোড ব্যবহার করা হতো। হামলাকারীরা একাধিক গ্রাহক প্রকল্পের জাভাস্ক্রিপ্ট অংশে লেখার অনুমতি পেয়ে সেখানে ক্ষতিকর কোড ঢুকিয়ে দেয়। এর ফলে ওয়েবসাইটগুলোতে প্রবেশকারীদের কাছে বাইরে থাকা একটি ক্ষতিকর স্ক্রিপ্ট পৌঁছে যায়।
আক্রান্ত ওয়েবসাইটগুলোতে অপটিমাইজেলির কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কের (সিডিএন) মাধ্যমে বৈধ কোডের অংশ হিসেবেই পরিবর্তিত স্ক্রিপ্ট সরবরাহ করা হচ্ছিল। ফলে এতে অপটিমাইজেলির বৈধ নিরাপত্তা সনদ ব্যবহার করা হয়েছে। কোডটি এমন একটি ডোমেইন থেকে আসছিল, যেটিকে আক্রান্ত ওয়েবসাইটগুলো আগে থেকেই বিশ্বাস করত। এ কারণে ক্ষতিকর কোড শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
কীভাবে হামলাকারীরা একাধিক গ্রাহক প্রকল্পে লেখার অনুমতি পেয়েছিল, তা এখনো জানা যায়নি। গবেষকেরা জানিয়েছেন, এটি সিডিএনের ক্যাশ বিষিয়ে দেয়ার মতো কোনো হামলা ছিল না। বরং গ্রাহক প্রকল্পে ঢোকানো পরিবর্তিত কোডই অপটিমাইজেলির সিডিএনের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।
তবে দ্রুতই ক্ষতিকর কোড সরিয়ে ফেলা হয়েছে। হেলমে জানান, ১৬ নভেম্বর রাত ৮টা ৫৬ মিনিট ইউটিসিতে (বাংলাদেশের সময় মঙ্গলবার রাত ২টা ৫৬ মিনিট) আক্রান্ত ১৮৮টি কোড স্নিপেটের মধ্যে ১৬৯টিতে ক্ষতিকর কোড পাওয়া গিয়েছিল। ১৬ নভেম্বর রাত ৯টা ৫২ মিনিট ইউটিসিতে (বাংলাদেশ সময় ভোর ৩টা ৫২ মিনিটে) তা কমে মাত্র একটিতে দাঁড়ায়। তিনি বলেন, ‘ক্ষতিকর কোডের বেশির ভাগই এখন সরিয়ে ফেলা হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হাডসনরকও জানিয়েছে, আক্রান্ত ওয়েবসাইটগুলো থেকে দর্শনার্থীদের কাছে ক্ষতিকর কোড পাঠানোর প্রমাণ তাদের হাতে রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








