
যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের ব্যবধানে তিনটি বড় প্রযুক্তিগত বিপর্যয় ঘটল। প্রথমে মাইক্রোসফটের সেবা, পরে বিমান চলাচল, আর এবার বড় বড় ব্যাংকের সেবায় দেখা দিল বিভ্রাট। সোমবার জেপিমরগ্যান চেজ, ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংকসহ বেশ কয়েকটি বড় ব্যাংকের সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে গ্রাহকেরা ব্যাংক হিসাবে প্রবেশ, ব্যালান্স দেখা, টাকা স্থানান্তর ও অন্যান্য লেনদেন করতে গিয়ে বিপাকে পড়েন। ডিজিটাল লেনদেনের অ্যাপ জেলেও সমস্যা দেখা দেয়। মঙ্গলবার ভোরে অবশ্য সেবাগুলো স্বাভাবিক হয়ে আসে।
মার্কিন সিবিএস নিউজ মঙ্গলবার (১৭ নভেম্বর) এ খবর জানায়। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ক্যাপিটাল ওয়ান, ট্রুইস্ট ও ওয়েলস ফার্গোর গ্রাহকেরাও সমস্যায় পড়েন। সোমবার দুপুর ২টা পর্যন্ত শুধু চেজ ব্যাংকের সেবা নিয়ে প্রায় ৪ হাজার ৮০০ অভিযোগ জমা পড়ে।
চেজ ব্যাংক জানায়, তাদের সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিলম্ব হচ্ছিল। তবে এটি সাইবার হামলা নয়। তাদের ব্যবস্থার ত্রুটি অন্য ব্যাংকের সাথে যৌথ লেনদেনেও প্রভাব ফেলেছিল। ব্যাংক অব আমেরিকা ও ক্যাপিটাল ওয়ান অবশ্য নিজেদের সেবা স্বাভাবিক থাকার কথা জানায়।
গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরো দুটি বড় প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছে। মাইক্রোসফটের আউটলুক ও টিমস সেবা বিশ্বজুড়ে বিঘ্নিত হওয়ার পর শনিবার স্বাভাবিক হয়। এর কয়েক দিন আগে রাউটারে অতিরিক্ত চাপের কারণে শুক্রবার দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এতে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়।
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ মাইক চ্যাপল বলেন, এসব ঘটনা দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রযুক্তিব্যবস্থার জটিলতা ও ভঙ্গুরতা সামনে এনেছে। একটি কারিগরি ত্রুটি পরস্পর সংযুক্ত ব্যবস্থায় ছড়িয়ে পড়ে দেশজুড়ে বিপর্যয় ঘটাতে পারে।
এদিকে, নিরাপত্তা বিশেষজ্ঞরা গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ব্যাংকের নামে আসা অপরিচিত ইমেইল, খুদে বার্তা বা লিংকে ক্লিক না করার আহ্বান জানিয়েছেন তারা। অর্থপাচারবিষয়ক সংস্থা এসিএএমএসের পরিচালক ক্রেইগ টিম বলেন, ব্যাংকিং সেবা নিয়ে গ্রাহকদের উদ্বেগকে কাজে লাগিয়ে প্রতারকেরা ভুয়া সতর্কবার্তার মাধ্যমে হিসাবের গোপন তথ্য চুরির চেষ্টা করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এ ধরনের প্রতারণা আরো দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








