এপস্টেইন, মৃত্যু,আত্মহত্যা,  হত্যাকাণ্ড, ফরেনসিক বিশেষজ্ঞ,
জেফরি এপস্টেইনের ফাইল। আনদুলু

যুক্তরাষ্ট্রের কারাগারে যৌন অপরাধী ও কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যার চেয়ে হত্যাকাণ্ড হওয়ার আশঙ্কাই বেশি। ফরেনসিক বিশেষজ্ঞ ডা. মাইকেল ফ্রিম্যান এমন দাবি করেছেন। এপস্টেইনের মৃত্যুকে আত্মহত্যা বলে যে সরকারি সিদ্ধান্ত দেয়া হয়েছিল, তার সাথে ফ্রিম্যানের এই বক্তব্যের সরাসরি বিরোধ রয়েছে।

Advertisement

মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। সোমবার লন্ডনে নিজের অনুসন্ধানের ফল তুলে ধরেন ফ্রিম্যান। তিনি ফরেনসিক ও আইনবিষয়ক চিকিৎসা সাময়িকী জার্নাল অব ফরেনসিক অ্যান্ড লিগ্যাল মেডিসিন-এর প্রধান সম্পাদক।

এপস্টেইনের ভাইয়ের কাছ থেকে পাওয়া ময়নাতদন্তের নথি ও ছবি কয়েক মাস ধরে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন ফ্রিম্যান। তিনি বলেন, ‘ময়নাতদন্তে যেসব আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সেগুলো ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনার সাথে মেলে না।’ সব আলামত একসাথে বিবেচনা করলে পেছন দিক থেকে সরু, গিঁট দেয়া কাপড়ের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনাই বেশি মনে হয়, জানান তিনি।

তবে নিউইয়র্ক নগরীর প্রধান চিকিৎসা পরীক্ষকের দফতর আগের সিদ্ধান্তে অটল রয়েছে। দফতরের এক মুখপাত্র বলেন, ‘আমাদের দফতর আগের সিদ্ধান্তের পক্ষেই রয়েছে।’

২০১৯ সালের আগস্টে  যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় থাকার সময় ম্যানহাটনের একটি ফেডারেল কারাগারে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়।  ২০০৮ সালে ফ্লোরিডার আদালতে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে অর্থের বিনিময়ে যৌনকাজে নিয়োজিত করার অভিযোগ স্বীকার করে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টেইন। তবে সমালোচকদের মতে, তুলনামূলক লঘু শাস্তি দিয়ে তাকে বিশেষ সুবিধা দেয়া হয়েছিল।

এপস্টেইনের ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, ধনী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে বিস্তৃত যৌন পাচারচক্র গড়ে তুলেছিলেন তিনি।

সূত্র : আনাদুলু, সিবিএস নিউজ।