মহাকাশ, ভলকান, ধ্বংস, অ্যামাজন, স্যাটেলাইটগুচ্ছ,
ভলকান রকেট। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মাঝআকাশে ব্যর্থ হয়েছে বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ প্রতিষ্ঠান ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট। এতে অ্যামাজনের লিও ইন্টারনেট নেটওয়ার্কের ৪০টি স্যাটেলাইট ধ্বংস হয়েছে। দুই দশক বয়সী ইউএলএর ইতিহাসে এটিই প্রথম উৎক্ষেপণ ব্যর্থতার ঘটনা।

Advertisement

পাকিস্তানের পুরোনো ইংরেজি দৈনিক দ্য ডন সোমবার (১৬ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে। রোববার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অ্যামাজনের ক্রমবর্ধমান স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের জন্য নিয়মিত উৎক্ষেপণ শুরুর প্রস্তুতি নিচ্ছিল ইউএলএ। এ ব্যর্থতা প্রতিষ্ঠানটির নতুন প্রধান রকেট কর্মসূচির জন্য বড় ধাক্কা।

ইউএলএ এক বিবৃতিতে জানায়, উৎক্ষেপণের ১০ মিনিটের মাথায় রকেটটি অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়ে এবং অ্যামাজনের স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পারেনি। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে দীর্ঘ কারিগরি তদন্ত হতে পারে। এতে কয়েক মাস রকেটটির উৎক্ষেপণ বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশে রকেট পাঠানোর সক্ষমতায় চলমান সঙ্কটও এতে আরো বাড়তে পারে। অন্যদিকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের নতুন উৎক্ষেপণের বুকিং নেয়া বন্ধ করেছে।

অ্যামাজন বলেছে, যেকোনো উৎক্ষেপণেই ঝুঁকি থাকে, বিশেষ করে প্রথম দিকের মিশনে। ইউএলএ তাদের বিশ্বস্ত অংশীদার। প্রতিষ্ঠানটি এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভলকান নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে আশা করছে অ্যামাজন।

২০২৪ সালে যাত্রা শুরুর পর এটি ছিল ভলকানের পঞ্চম উৎক্ষেপণ এবং নয় মাসের বিরতির পর প্রথম। কঠিন জ্বালানিচালিত সহায়ক রকেট ও মূল বিই-৪ ইঞ্জিন নিয়ে পৃথক কারিগরি তদন্তের কারণে এ বিরতি দীর্ঘ হয়। ইঞ্জিনগুলো সরবরাহ করে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন। রোববারের দুর্ঘটনার তদন্তে ইউএলএর সাথে কাজ করছে তারাও।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর জন্য পরিচালিত মিশনসহ আগের দুটি উৎক্ষেপণে সহায়ক রকেটের সমস্যা দেখা দিয়েছিল। যদিও দুটি মিশনেই স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে পৌঁছেছিল, তবু অ্যামাজন মিশনের ফলাফল না পাওয়া পর্যন্ত জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দেয়নি পেন্টাগন।

গত মে মাসে বিই-৪ ইঞ্জিন ব্যবহারকারী ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেট উৎক্ষেপণ মঞ্চে বিস্ফোরিত হয়। তদন্তে ইঞ্জিনকে দায়ী করা হলে ইউএলএর জন্য সরবরাহ করা ইঞ্জিনে পরিবর্তন আনা হয়। তবে রোববারের দুর্ঘটনায় ওই ইঞ্জিনের ভূমিকা ছিল কি না, তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথম ধাপ থেকে স্যাটেলাইট বহনকারী দ্বিতীয় ধাপ বিচ্ছিন্ন হওয়ার পর বিপর্যয় ঘটে।

২০০৬ সালে বোয়িংয়ের ডেল্টা ও লকহিড মার্টিনের অ্যাটলাস রকেট কর্মসূচি একীভূত করে ইউএলএ গঠিত হয়। এরপর প্রতিষ্ঠানটির সব মিশন সফল হয়েছিল।

মহাকাশে পৌঁছাতে অ্যামাজনের লড়াই

অন্য প্রতিষ্ঠানের রকেটের ওপর নির্ভর করায় অ্যামাজনের স্যাটেলাইট উৎক্ষেপণ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এসব ব্যর্থতা স্পেসএক্সের স্টারলিংকের সাথে প্রতিযোগিতায় তাদের পিছিয়ে দিচ্ছে। স্টারলিংকের মহাকাশে ১১ হাজারের বেশি স্যাটেলাইট এবং বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন গ্রাহক রয়েছে। নিজস্ব রকেট থাকায় স্পেসএক্স এ ক্ষেত্রে এগিয়ে; অন্য প্রতিষ্ঠানগুলোকে বাইরের উৎক্ষেপণ সেবায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে হয়।

২০২৫ সাল থেকে ১৪টি উৎক্ষেপণে অ্যামাজনের লিও নেটওয়ার্কের ৩৯৮টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। বিশ্বজুড়ে সেবা দিতে প্রয়োজন ৩ হাজার ২৩৬টি। অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় ১২ শতাংশ পূরণ হয়েছে। চলতি বছরই প্রাথমিক ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা ছিল অ্যামাজনের।