মায়ামি, রানওয়ে, বিমান, সংঘর্ষ, আহত,
সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বিমান। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ট্যাক্সি করার সময় কোপা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সাথে ইউপিএসের একটি কার্গো বিমানের সংঘর্ষ হয়েছে। শনিবার রাতের এ ঘটনায় দুজন আহত হন।

Advertisement

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ট্যাক্সি করার সময় কোপা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমানের ডানার মাথা ইউপিএসের বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশে আঘাত করে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু রোববার (১৫ নভেম্বর) এ খবর জানায়।

মায়ামি বিমানবন্দরের যোগাযোগ বিভাগের পরিচালক গ্রেগ চিন জানান, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত দুজনের আঘাত সামান্য। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেন।

এফএএ জানায়, সংঘর্ষের আগে বিমান নিয়ন্ত্রকরা ইউপিএসের পাইলটদের কোপা এয়ারলাইনসের বিমানটিকে পথ ছেড়ে দিতে বলেছিলেন। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংস্থাটি।

কোপা বিমানের এক যাত্রী সিজার ফেরেইরা সিএনএনকে বলেন, অবতরণের পর বিমানটি স্বাভাবিক গতিতে ট্যাক্সি করছিল। হঠাৎ যাত্রীদের চিৎকার শোনা যায়। এরপর অন্য বিমানটি তাদের বিমানে আঘাত করে। ক্রুরা দ্রুত যাত্রীদের আসনে বসে থাকতে বলেন। প্রায় ১০ মিনিট পর ক্যাপ্টেন জানান, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা নেই। পরে ১৬৬ যাত্রী ও ছয়জন ক্রু বিমান থেকে নেমে আসেন। ইউপিএসের বিমানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

কোপার বিমানটি পানামা সিটি থেকে মায়ামিতে পৌঁছেছিল। ইউপিএসের বিমানটি কলম্বিয়ার রাজধানী বোগোতার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ইউপিএস জানিয়েছে, তাদের ক্রুরা নিরাপদে আছেন এবং দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষের সাথে কাজ করবে। কোপা এয়ারলাইনসও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

দেশজুড়ে শুক্রবার এফএএর ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশের পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ওই নির্দেশে বহু ফ্লাইট বাতিল হয়। অনেক যাত্রীকে নতুন ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরের মেঝেতে রাত কাটাতে হয়েছিল।