টিকাবিরোধী মনোভাব, স্বাস্থ্য বিভাগ, দুর্বল ভূমিকা, রবার্ট এফ কেনেডি জুনিয়র, নিষ্ক্রিয়তা, দশক, হাম-সঙ্কট, যুক্তরাষ্ট্র,
প্রতীকী ছবি। সংগৃহীত

বাংলাদেশে হামের খবর এখন আর নতুন কিছু নয়। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে অসুস্থ শিশুর ছবি, হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়াই কিংবা কোনো মায়ের সন্তান হারানোর বুকফাটা কান্না। যে রোগকে একসময় অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছিল, সেই হাম আবার কেড়ে নিচ্ছে শিশুর প্রাণ। কিন্তু এমন একটি দেশেও যে হাম ফিরে আসতে পারে, যেখানে রোগটি নির্মূল হয়েছে বলে ঘোষণা দেয়া হয়েছিল, তা হয়তো অনেকের কল্পনাতেও আসবে না। দেশটির নাম যুক্তরাষ্ট্র। সেখানে হাম শুধু ফিরে আসেনি, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের রূপ নিয়েছে। যে অর্জন নিয়ে দেশটির এতদিন গর্ব ছিল, তা এখন হাতছাড়া হওয়ার পথে।

Advertisement
টিকা দিচ্ছে শিশুকে

মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-এর ১৪ নভেম্বর সংখ্যায় প্রকাশিত এক নিবন্ধে এই পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেছেন সাময়িকীটির লেখক টম বার্টলেট। তাঁর নিবন্ধের শিরোনাম ‘মিজলস ইজ ওয়ান্স এগেইন এনডেমিক ইন দ্য ইউএস’ (যুক্তরাষ্ট্রে আবার স্থায়ীভাবে ছড়িয়ে পড়ছে হাম)। লেখাটিতে রোগটির ফিরে আসার পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

২০০০ সালে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল হয়েছে বলে ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু এবার সেই স্বীকৃতি হারাতে যাচ্ছে দেশটি। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) চলতি সপ্তাহের এক বৈঠকে এ সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানা গেছে। সংস্থাটি আগামী সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। তাদের বিবেচনায়, একই ধরনের ভাইরাসের কারণে টানা এক বছর সংক্রমণ চলতে থাকলে তাকে স্থায়ীভাবে ছড়িয়ে পড়া রোগ হিসেবে গণ্য করা হয়। যুক্তরাষ্ট্রে সেই পরিস্থিতিই তৈরি হয়েছে।

এবারের প্রাদুর্ভাবের ভয়াবহতা বোঝার জন্য আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করার প্রয়োজন নেই। চলতি বছর দেশটির ৪৫টি অঙ্গরাজ্যে পাঁচ হাজারের বেশি মানুষের হামে আক্রান্ত হওয়ার ঘটনা নিশ্চিত হয়েছে। পেনসিলভানিয়ায় গত আগস্ট থেকে হামে মৃত্যুর খবর আসছে। সেখানে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে। নিউইয়র্কে একজনের মৃত্যু হয়েছে। উইসকনসিনে গতকাল দ্বিতীয় মৃত্যুর খবর পাওয়া গেছে।

১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এ বছরই সবচেয়ে ভয়াবহ হাম-সঙ্কট দেখা দিয়েছে। ১৯৯১ সালে তিন বছর ধরে চলা এক মহামারির অবসান হয়েছিল। সেই সময়ে হামে ১২৩ জনের মৃত্যু হয়। ভয়াবহ ওই অভিজ্ঞতা দেশজুড়ে টিকাদান কর্মসূচি জোরদার করতে ভূমিকা রেখেছিল। কিন্তু তিন দশকের বেশি সময় পর আবার সেই পুরোনো বিপদ ফিরে এসেছে। এবার সংক্রমণ ছড়াচ্ছে এমন এক স্বাস্থ্যসচিবের দায়িত্বকালে, যিনি এর দায় নিতে রাজি নন।

রবার্ট এফ কেনেডি জুনিয়র অবশ্য হামের পুনরুত্থানের জন্য তাঁকে দায়ী করার ডেমোক্র্যাটদের প্রচেষ্টার প্রতিবাদ করেছেন। এপ্রিলে সিনেটের এক কমিটিকে তিনি বলেছিলেন, ‘আমি দায়িত্ব নেয়ার আগেই হামের মহামারি শুরু হয়েছিল।’ কথাটির একটি সত্যতা আছে। কেনেডি স্বাস্থ্যসচিব হওয়ার আগেই ২০২৫ সালের জানুয়ারিতে পশ্চিম টেক্সাসে হাম ছড়াতে শুরু করেছিল। করোনাভাইরাস মহামারির পর থেকেই যুক্তরাষ্ট্রে শিশুদের নিয়মিত টিকাদানের হারও কমেছে। সে সময় দেশজুড়ে চিকিৎসকের কাছে যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। হামের টিকাদানও এর বাইরে ছিল না।

যুক্তরাষ্ট্র একা নয়। বিশ্বের আরো কয়েকটি দেশেও হামের সংক্রমণ বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রিয়া, স্পেন ও যুক্তরাজ্যসহ ছয়টি দেশ হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। গত বছর কানাডাতেও আবার হাম স্থায়ীভাবে ছড়িয়ে পড়া রোগে পরিণত হয়।

তবে কেনেডির দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করেন বার্টলেট। প্রায় দুই বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন। অথচ তাঁর নেতৃত্বে পরিস্থিতির আরো অবনতি হয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটিতে যত মানুষ হামে আক্রান্ত হয়েছেন, তা ২০২৫ সালের পুরো বছরের সংখ্যার দ্বিগুণেরও বেশি। রোগটির বিস্তার ঠেকাতে কী করা দরকার, সে বিষয়ে কেনেডি ও তাঁর নেতৃত্বাধীন স্বাস্থ্য ও মানবসেবা দফতরও (এইচএইচএস) মার্কিন নাগরিকদের কাছে স্পষ্ট কোনো বার্তা দিতে পারেনি।

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একজন কর্মকর্তা সম্প্রতি বার্টলেটকে বলেছেন, ‘এই পরিস্থিতি মোকাবিলায় স্পষ্ট কোনো কৌশল ছিল না। ওপরের মহল থেকেও প্রয়োজনীয় সমর্থন পাওয়া যায়নি।’ পেশাগত ক্ষতির আশঙ্কায় ওই কর্মকর্তার নাম প্রকাশ করেননি লেখক।

অবশ্য সিডিসি আক্রান্ত অঙ্গরাজ্যগুলোকে সহায়তা দিয়েছে। সম্প্রতি পেনসিলভানিয়া, নিউইয়র্ক ও উইসকনসিনে কর্মী পাঠিয়েছে সংস্থাটি। তাঁদের কাজের মধ্যে রয়েছে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের শনাক্ত করা এবং রোগের বিস্তার পর্যবেক্ষণ। এইচএইচএসের এক মুখপাত্র চলতি সপ্তাহের শুরুতে ইমেইলে দেয়া বিবৃতিতে এসব উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, সিডিসি সম্প্রতি অঙ্গরাজ্যগুলোকে ১০ কোটি ডলারও দিয়েছে। তাঁর দাবি, এসব পদক্ষেপ হাম মোকাবিলায় দফতরের ‘আগ্রাসী’ তৎপরতার প্রমাণ।

কিন্তু কেনেডির আমলে সিডিসির ভূমিকা সব সময় স্বচ্ছন্দ ছিল না। *দ্য ওয়াশিংটন পোস্ট* জানিয়েছে, গর্ভাবস্থায় হাম সংক্রমণের ঝুঁকি নিয়ে সিডিসির বিজ্ঞানীরা একটি সতর্কবার্তা দিতে চেয়েছিলেন। অজ্ঞাত কারণে সেটি অনুমোদন পায়নি। আবার সিডিসির দেয়া সব সহায়তাও অঙ্গরাজ্যগুলো গ্রহণ করেনি। *দ্য আটলান্টিক*-এর লেখক নিকোলাস ফ্লোরকো গত বছর জানিয়েছিলেন, কেনেডি টেক্সাসে ভিটামিন এ পাঠানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু অঙ্গরাজ্যটির স্বাস্থ্য কর্মকর্তারা তা চাননি। ভিটামিন এ-র ঘাটতিতে ভোগা গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসায় এটি কাজে আসতে পারে। তবে অধিকাংশ মার্কিন নাগরিকের ক্ষেত্রে এর কার্যকারিতার প্রমাণ নেই।

হামে মৃত্যুর সংখ্যা নিয়েও কেনেডি ও তাঁর দফতরের সাথে বিভিন্ন অঙ্গরাজ্যের বিরোধ তৈরি হয়েছে। গত আগস্টে পেনসিলভানিয়ায় দুই শিশুর মৃত্যুর পর তাদের মৃত্যুর পেছনে হাম দায়ী কি না, তা নিয়ে গভর্নর জশ শাপিরোর সাথে প্রকাশ্য বিরোধে জড়ান কেনেডি। এরপর অঙ্গরাজ্যগুলোতে হামে মৃত্যুর খবর বাড়লেও সিডিসি কয়েকটি মৃত্যুর কারণ হিসেবে হামকে স্বীকার করেনি। সংস্থাটির অনলাইন হিসাবের পাতায় এখনো মাত্র ছয়টি মৃত্যুর কথা উল্লেখ রয়েছে।

হাম নিয়ে কেনেডি খুব বেশি কথা বলেন না। যখন বলেন, তখন টিকার পক্ষে তাঁর বক্তব্য থাকে অনেকটা দায়সারা। কখনো রোগটির ভয়াবহতাও খাটো করে দেখান। ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের টিকাবিরোধী কর্মী কেনেডি বলেছিলেন, আজ তাঁর সন্তান জন্ম নিলে তিনি তাদের হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দিতেন না। গত বছর অবশ্য তিনি বলেছিলেন, সম্ভবত দিতেন।

সে সময় তাঁর আরো দাবি ছিল, ‘শৈশবে যেসব শিশু হামে আক্রান্ত হয়, বড় হয়ে তারা অনেক বেশি সুস্থ থাকে।’ চিকিৎসাবিজ্ঞানে এ দাবির কোনো ভিত্তি নেই। গত বছর টেক্সাসে হামের প্রাদুর্ভাবে দুই শিশুকন্যার মৃত্যুর সময়ও টিকাদানের পক্ষে তাঁর অবস্থান ছিল দুর্বল। বরং তিনি ভিটামিন এ ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন। বার্টলেট লিখেছেন, হামে মারা যাওয়া এক শিশুর বাবাকে ব্যক্তিগতভাবে কেনেডি বলেছিলেন, ‘টিকার মধ্যে এখন কী দেয়া হচ্ছে, তা তো আপনি জানেন না।’

চলতি আগস্টে পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টিতে দ্রুত হাম ছড়িয়ে পড়ার সময় সিএনএনের এক অনুষ্ঠানে কেনেডি বলেছিলেন, ‘বাবা-মায়েদের উচিত সন্তানদের হামের টিকা দেয়া।’ তবে অনুষ্ঠানের সঞ্চালক ডানা বাশ তাঁকে সরাসরি এ আহ্বান জানাতে বলার পরই তিনি কথাটি বলেন। এইচএইচএসের মুখপাত্র অবশ্য জানিয়েছেন, কেনেডি ও সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ এখনো এমএমআর টিকাকে হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় বলে সুপারিশ করছেন।

কোনো স্বাস্থ্যসচিবের মুখে এমন বক্তব্য খুবই স্বাভাবিক। কিন্তু কেনেডির কাছ থেকে তা শুনতে হয়েছে বলেই বিষয়টি আলাদা করে নজরে এসেছে। ওই সাক্ষাৎকারের পর থেকে হাম নিয়ে তাঁকে খুব একটা কথা বলতে দেখা যায়নি। বরং গভর্নর শাপিরোকে বিদ্রূপ করা কিংবা নিজের অন্য প্রকল্পের প্রচারেই বেশি সময় দিয়েছেন। এর মধ্যে রয়েছে তাঁর রান্নার অনুষ্ঠানও। সম্প্রতি ওই অনুষ্ঠানের একটি পর্বে ছোলার সালাদ তৈরির পদ্ধতি দেখানো হয়েছে।

কেনেডির মিত্র ও সমর্থকেরা হাম এবং টিকাদান নিয়ে একের পর এক ভুল তথ্য ছড়ালেও তিনি নীরব থেকেছেন। তাঁর প্রতিষ্ঠিত টিকাবিরোধী অলাভজনক সংস্থা চিলড্রেনস হেলথ ডিফেন্স গত সেপ্টেম্বরে একটি নিবন্ধ প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘বাবা-মায়েদের হামের ভয় পাওয়ার প্রয়োজন নেই।’ নিবন্ধটিতে আরো দাবি করা হয়, হাম শিশুদের শরীরকে শক্তিশালী করে তোলে। অথচ এ দাবিও ভুল। এর এক সপ্তাহ পর পেনসিলভানিয়ায় হামে চারজনের মৃত্যু হয়। সেই সময় সংস্থাটির এক সম্মেলনে কেনেডি উপস্থিত ব্যক্তিদের বলেন, ‘হোয়াইট হাউসে আপনাদের একজন শক্তিশালী ও অবিচল বন্ধু রয়েছেন।’

এসব ঘটনা স্বাস্থ্যসচিব হিসেবে কেনেডির ভাবমূর্তির জন্য মোটেও ভালো নয়। কিন্তু তাঁর অবস্থান বদলানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কেনেডির টিকানীতির প্রতি সমর্থন দিয়ে আসছেন। কেনেডির ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ বা ‘মাহা’ আন্দোলনের অগ্রাধিকারের তালিকায় হাম মোকাবিলা কখনোই বিশেষ গুরুত্ব পায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে অবশ্য আন্দোলনটির ভেতরেও ফাটল দেখা দিয়েছে। কেনেডির ঘনিষ্ঠ মিত্রদের একজন ক্যালি মিনস অক্টোবরের শেষ দিকে হোয়াইট হাউসের দায়িত্ব ছেড়ে দেন। পরে জো রোগানের পডকাস্টে গিয়ে তিনি মার্কিন কেন্দ্রীয় সরকারের ওপর শিল্পপ্রতিষ্ঠানগুলোর লবিস্টদের প্রভাব নিয়ে অভিযোগ করেন। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বাড়তি সুবিধা এনে দেবে বলে মাহা আন্দোলনকে ঘিরে যে প্রচার ছিল, বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। আন্দোলনটির পরিচিত দুই প্রার্থী—টেক্সাসে সিনেট নির্বাচনের প্রার্থী কেন প্যাক্সটন এবং আইওয়ায় গভর্নর পদপ্রার্থী জ্যাক লান—বড় ব্যবধানে হেরে গেছেন।

তবে মাহা আন্দোলন কিংবা কেনেডি যে এতে সতর্ক হবেন, এমন কোনো লক্ষণ নেই। হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলারের মধ্যেও টিকার বিষয়ে সন্দেহপ্রবণ মনোভাব দেখা যাচ্ছে। এমএমআর টিকা আলাদা আলাদা দেয়ার যে আহ্বান ট্রাম্প জানিয়েছেন, মিলারও তার প্রতিধ্বনি করেছেন। অথচ বর্তমানে এই তিন রোগের টিকা আলাদাভাবে পাওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে, টিকাগুলো আলাদা করে দেয়ার কোনো প্রয়োজনও নেই।

মিলার আরো অভিযোগ করেছেন, জন্মের কয়েক দিনের মধ্যেই শিশুদের ‘গাদা গাদা টিকা দেয়ার’ চাপ তৈরি করা হচ্ছে, যা তাঁর ভাষায় ‘চিকিৎসাবিজ্ঞানের এক বিপর্যয়’। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি। মিলারের টিকাসংক্রান্ত বিশ্বাস নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস।

মিলারের পদোন্নতিতে কেনেডি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এবার ‘ক্র্যাকেনকে মুক্ত করে দেয়ার’ সময় এসেছে। ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। কিন্তু যে রোগকে যুক্তরাষ্ট্র একসময় বিদায় জানিয়েছিল, সেই হাম ইতিমধ্যেই আবার দেশটিতে ছড়িয়ে পড়েছে। ইতিহাসের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি নিয়ন্ত্রণে আনতে কেনেডির আগ্রহ যে যথেষ্ট নয়, বার্টলেটের নিবন্ধে সেই অভিযোগই স্পষ্ট।

বাংলাদেশের পাঠকের কাছে এই গল্পের তাৎপর্য এখানেই। হামকে আমরা হয়তো এখন বাংলাদেশের সঙ্কট বলে দেখছি। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, কোনো রোগকে একবার নিয়ন্ত্রণে আনতে পারলেই তার বিপদ চিরতরে শেষ হয়ে যায় না। টিকাদান, জনস্বাস্থ্যব্যবস্থা ও দায়িত্বশীল নেতৃত্বে সামান্য শিথিলতাও পুরোনো বিপদকে ফিরিয়ে আনতে পারে। আর তখন সবচেয়ে বড় মূল্য দিতে হয় শিশুদেরই।