
ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে কয়েকশ কোটি ডলারের তেল চুক্তির কেন্দ্রে থাকা একটি কোম্পানি ভেনিজুয়েলার মারাকাইবো হ্রদ এলাকায় তাদের সংস্কারকাজ তুলে ধরেছে। বিশ্বের অন্যতম সমৃদ্ধ তেলক্ষেত্র হিসেবে পরিচিত এই এলাকায় কোম্পানিটি তাদের বিভিন্ন স্থাপনার সংস্কার করেছে।
যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক এক চুক্তির আওতায় ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্সকে (এনএবিইপি) ১৭টি তেলক্ষেত্র পরিচালনার অনুমতি দিয়েছে।
চুক্তি অনুযায়ী, ভেনিজুয়েলার তেলসম্পদের ২০ শতাংশ পাবে যুক্তরাষ্ট্র।
বার্বাডোজভিত্তিক কোম্পানিটি ভেনিজুয়েলার দ্বিতীয় বৃহত্তম বেসরকারি তেল কোম্পানি। প্রতিষ্ঠানটি ১৭টি তেলক্ষেত্র ১০০ বছর মেয়াদি ইজারায় পরিচালনা করবে। এসব তেলক্ষেত্রে প্রমাণিত মজুতের পরিমাণ প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল।
বৃহস্পতিবার কোম্পানিটি মারাকাইবো হ্রদ এলাকায় তাদের স্থাপনাগুলো পরিদর্শনের জন্য বার্তাসংস্থা এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানায়।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাচাকেরো শহরে কোম্পানিটির কর্মস্থল নতুন সরঞ্জামে পরিপূর্ণ। এসব সরঞ্জামের বেশিভাগই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে।
কাছের সিউদাদ ওহেদা শহরে কর্মীদের পোশাকের গাঢ় নীল রং কোম্পানিটির লোগোর সাথে মিলে গেছে। অফিসের বিভিন্ন স্থানেও একই লোগো দেখা যায়। একসময় এই রং ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোলিওস দে ভেনিজুয়েলার (পিডিভিএসএ) কথা মনে করিয়ে দিত।
তবে ১৯৯৯ সালে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কোম্পানিটির রং পরিবর্তন করে লাল করেন। এর মাধ্যমে তিনি ‘নতুন পিডিভিএসএ’ যুগের সূচনা করেন।
অবহেলায় বেহাল অবকাঠামো
মারাকাইবো হ্রদের একটি তেল উত্তোলন প্ল্যাটফর্মে যেতে হলে বাচাকেরোতে পিডিভিএসএ’র একটি ঘাট থেকে নৌযানে রওনা দিতে হয়। সেখানে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লাগে।
একসময় জরাজীর্ণ হয়ে পড়া হ্রদটির অবকাঠামো ভেনিজুয়েলায় শ্যাভেজপন্থী সরকারগুলোর আমলে তেলশিল্পের ক্রমাগত পতনের চিত্র তুলে ধরছে।
দুই দশক আগে দেশটিতে শতাধিক খননযন্ত্র চালু ছিল। বর্তমানে চালু রয়েছে মাত্র ১১টি। এনএবিইপি জানিয়েছে, চলতি মাসের শেষ নাগাদ এ সংখ্যা বাড়িয়ে ৪১টিতে উন্নীত করা হবে।
স্পেন ও সুইজারল্যান্ডে অর্থপাচারের অভিযোগে তদন্তের মুখে থাকা ব্যবসায়ী আলেহান্দ্রো বেতানকুর্ট কোম্পানিটি পরিচালনা করছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘বছরের পর বছর অবহেলার কারণে ভেনিজুয়েলাজুড়ে যেসব ভারী যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোর মধ্যে কোনগুলো সংস্কার করে ব্যবহার করা সম্ভব, তা আমরা চিহ্নিত করছি।’
তার পরিকল্পনায় বিদ্যুৎ উৎপাদনকারী একটি বার্জ সংস্কারের বিষয়টিও রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে গ্যাস সংকোচন ও বিদ্যুৎ উৎপাদনের কয়েক ডজন ইউনিট মেরামত করা হচ্ছে।
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এনএবিইপি’র ৩০ শতাংশ মালিকানা কিনেছে। এর ফলে প্রতিষ্ঠানটি উৎপাদন খরচে কোম্পানিটির ২০ শতাংশ তেল কেনার অনুমতি পেয়েছে।
‘তেল চুরি’
জানুয়ারিতে মার্কিন বাহিনী ভেনিজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার পর দেশটির অন্তর্বর্তী নেতা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ডেলসি রড্রিগেজ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর চাপের মুখে তিনি দেশ পরিচালনা করছেন। ট্রাম্পের দাবিতে তিনি দেশটির খনি, বিদ্যুৎ ও তেল খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দিয়েছেন।
সম্প্রতি নির্বাসন থেকে দেশে ফেরা ভেনিজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো চুক্তিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
গত মাসে তিনি বলেন, ‘এই চুক্তিতে ভেনিজুয়েলার জনগণ যে মাত্রার স্বচ্ছতা চায়, তার প্রতিফলন নেই।’
চুক্তি স্বাক্ষর তদারক করতে কারাকাস সফরের সময় যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ওয়াশিংটন ভেনিজুয়েলার তেল ‘চুরি করছে’— এমন অভিযোগ নাকচ করেন।
তিনি বলেন, ‘আমি এসব শিরোনাম দেখেছি। আমরা ভেনিজুয়েলার তেল চুরি করছি। ভেনিজুয়েলার তেলের মালিক প্রকৃতপক্ষে দেশটির জনগণই।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








