
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের লাখ লাখ খুচরা যন্ত্রাংশের হিসাব রাখতে হিমশিম খাচ্ছে পেন্টাগন। এসব যন্ত্রাংশের মূল্য কয়েকশ কোটি ডলার। সাত বছর আগে সমস্যাটি চিহ্নিত হলেও এর সমাধানে সামান্যই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব নিরীক্ষা সংস্থা (জিএও)।
ওয়াল স্ট্রিটের বরাত দিয়ে এনটিটিভি বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানায়, সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জিএও পেন্টাগনের যন্ত্রাংশের হিসাব রাখার ব্যবস্থাকে ‘সেকেলে, ভুলে ভরা ও অসম্পূর্ণ’ বলে উল্লেখ করেছে। ২০১৯ সাল থেকে জিএও এবং প্রতিরক্ষা দফতরের মহাপরিদর্শকের নিরীক্ষায় এ কর্মসূচির যন্ত্রাংশের মজুত ব্যবস্থাপনায় ব্যাপক ত্রুটি ধরা পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাত বছর আগে সমস্যাগুলো চিহ্নিত হওয়ার পর থেকে এফ-৩৫-এর যন্ত্রাংশের সঠিক হিসাব রাখা ও তা বজায় রাখার ক্ষেত্রে প্রতিরক্ষা দফতরের অগ্রগতি সামান্যই।
প্রচলিত সামরিক বিমানের ক্ষেত্রে যেভাবে আলাদা করে যন্ত্রাংশের মজুত রাখা হয়, এফ-৩৫-এর ক্ষেত্রে তা নয়। এই যুদ্ধবিমানের জন্য যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী, নৌবাহিনী ও মেরিন কোরের পাশাপাশি বিদেশি ব্যবহারকারীদের জন্যও একটি অভিন্ন মজুতব্যবস্থা রয়েছে। জিএওর হিসাব অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত এই মজুতে ছিল প্রায় ২ কোটি ৬০ লাখ যন্ত্রাংশ, যার আনুমানিক মূল্য ৩ হাজার ১০০ কোটি ডলার। কিন্তু পেন্টাগনের সরবরাহ ও সম্পদ ব্যবস্থাপনার কেন্দ্রীয় তথ্যভান্ডারে প্রায় ১৭ হাজার যন্ত্রাংশের কোনো হিসাব পাওয়া যায়নি। এসবের মূল্য ২৫০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
আগের নিরীক্ষায়ও বড় ধরনের গরমিল ধরা পড়েছিল। ২০২৩ সালে জিএও জানায়, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে একটি প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান ৮৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ১০ লাখেরও বেশি এফ-৩৫ যন্ত্রাংশের হিসাব হারিয়ে ফেলেছিল। ২০২৬ সালের মার্চ পর্যন্ত এসব যন্ত্রাংশের কী হয়েছে, তা জানতে পারেনি এফ-৩৫ যৌথ কর্মসূচি দফতর।
বিমানের মূল কাঠামো তৈরি করে লকহিড মার্টিন, আর ইঞ্জিন তৈরি করে প্র্যাট অ্যান্ড হুইটনি। ২০২৬ সালের জুলাইয়ে অতিরিক্ত যন্ত্রাংশ সরবরাহের জন্য লকহিড মার্টিনকে ১৬০ কোটি ডলারের চুক্তি দেয় পেন্টাগন।
জিএও বলেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থার সাথে পেন্টাগনের কেন্দ্রীয় তথ্যভান্ডারের সংযোগ না থাকায় যন্ত্রাংশের মজুতের হালনাগাদ হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। হিসাবের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের একটি তথ্যভান্ডারে দেখা গেছে, প্রায় ৬ শতাংশ যন্ত্রাংশের দাম লেখা হয়েছে এক সেন্ট বা তারও কম। এটি তথ্যগত ভুলের ইঙ্গিত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যন্ত্রাংশের হিসাব রাখা কিংবা আর্থিক প্রতিবেদন তৈরির কাজে পেন্টাগনের তথ্যভান্ডার ও এফ-৩৫ কর্মসূচি দফতরের মজুতের হিসাব—কোনোটিই নির্ভরযোগ্য নয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








