বিশ্বজুড়ে করোনা, নতুন ধরন,  আসছে ধেয়ে, কি কি উপসর্গ, ঝুঁকিই বা কতটা, 
কভিড ভাইরাইসের ফাইল ছবি। গালফ নিউজ

করোনাভাইরাসের নতুন ধরন পিজে.২.১  বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ২০২৬ সালের মে মাসে কানাডায় প্রথম শনাক্ত হওয়া এই ধরনটি ইতোমধ্যে কয়েকটি মহাদেশে পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর ভৌগোলিক বিস্তার বাড়তে থাকায় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নতুন করে সংক্রমণের ঢেউ ধেয়ে আসছে কি না, আর এই ধরনটি কতটা বিপজ্জনক—তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement

দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ বুধবার (১১ নভেম্বর) জানায়, বিশেষজ্ঞদের মতে, পিজে.২.১-এর স্পাইক প্রোটিনে বেশ কিছু পরিবর্তন ঘটেছে। তবে আগের ধরনগুলোর তুলনায় এটি বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

কি এই পিজে.২.১

২০২৬ সালের অক্টোবর মাসে জার্নাল অব ইনফেকশন-এ প্রকাশিত এক গবেষণায় পিজে.২.১-কে ‘নভেল সল্টেশন ভ্যারিয়েন্ট’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ২০২৫ সালের মে মাস পর্যন্ত ছড়িয়ে থাকা একটি পুরোনো ধরন থেকে এর বিবর্তন ঘটেছে। এর উৎস জেএন.১ বংশধারা। নভেল সল্টেশন ভ্যারিয়েন্ট বলতে জিনের গঠনে আকস্মিক বড়সড় পরিবর্তনের ফলে পুরোনো ভাইরাসের নতুন একটি ধরন তৈরি হওয়াকে বোঝায়।

ভারতের থানে শহরের জুপিটার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের পরিচালক ডা. অমিত সারাফ জানান, পিজে.২.১-এর স্পাইক প্রোটিনে ব্যাপক পরিবর্তন ঘটেছে। মানবদেহের কোষে ঢোকার জন্য ভাইরাসটি যে এসিই২ রিসেপ্টর ব্যবহার করে, সেটির সাথে যুক্ত হওয়ার ক্ষমতাও বেড়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে তিনি বলেন, ‘পরীক্ষাগারে দেখা গেছে, নির্দিষ্ট কিছু কোষে ঢোকার ক্ষেত্রে ভাইরাসটির দক্ষতা বেড়েছে। তবে গবেষণায় এমন প্রমাণ পাওয়া যায়নি যে, আগের ধরনগুলোর উপযোগী করে তৈরি টিকার মাধ্যমে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেগুলোকে ফাঁকি দেয়ার ক্ষমতা পিজে.২.১-এর আগের ধরনগুলোর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, কোনো ভাইরাসের ধরন দ্রুত ছড়িয়ে পড়লেই যে তা বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করবে, এমন নয়।’

কোথায় প্রথম শনাক্ত

২০২৬ সালের ২ মে কানাডার অন্টারিওতে পিজে.২.১-এর প্রথম সংক্রমণের নমুনা সংগ্রহ করা হয়। পরে কানাডার অন্যান্য স্থানেও এর সন্ধান মেলে। ৩০ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে শনাক্ত হওয়ার পর দেশটির আরো কয়েকটি অঙ্গরাজ্যে এর উপস্থিতি পাওয়া যায়। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও স্পেনেও ছড়িয়েছে নতুন এই ধরন।

উপসর্গ কী, কতটা বিপজ্জনক

সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পিজে.২.১-এ আক্রান্ত ব্যক্তির উপসর্গ সাধারণ সর্দি-কাশি বা ইনফ্লুয়েঞ্জার মতো। ফলে শুধু উপসর্গ দেখে এই ভাইরাস শনাক্ত করা সম্ভব নয়। অন্য ভাইরাস থেকে একে আলাদা করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো পরীক্ষা।

এখন পর্যন্ত পিজে.২.১ আগের ধরনগুলোর তুলনায় বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করছে, এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে উপসর্গ সাধারণ ঠান্ডাজনিত অসুস্থতার মতো হওয়ায় জনস্বাস্থ্যে এর প্রকৃত প্রভাব কতটা হতে পারে, তা বলার সময় এখনো আসেনি।

বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রায় ৭৮ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ লাখ। তবে সাম্প্রতিক সময়ে নতুন সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

করণীয় কী

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাতে হবে। টিকার হালনাগাদ ডোজ নিতে হবে। অসুস্থ অবস্থায় অন্যদের কাছাকাছি যাওয়া এড়িয়ে চলতে হবে। পাশাপাশি নতুন ধরনটির বিস্তার সম্পর্কে সরকারি স্বাস্থ্য সংস্থাগুলোর হালনাগাদ নির্দেশনার দিকে নজর রাখতে হবে।