যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান
ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ‘৩ ইরানি এজেন্ট’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন। সংগৃহীত

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ‘সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ। অভিযুক্তদের মধ্যে একজন ইতোমধ্যেই কারাগারে রয়েছেন।

Advertisement

অভিযুক্তরা হলেন- মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি, মোহসেন মোহাজেরি এবং মোহাম্মদ আলী আল-হাসানি। তারা গত সেপ্টেম্বরে ওই ঘাঁটিতে হামলার পরিকল্পনা ও নির্দেশনায় সহায়তা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন সেনাবাহিনী এই ঘাঁটিটি ব্যবহার করে আসছিল। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

মার্কিন অভিযোগপত্রে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী ইরাকি নাগরিক আল-হাসানি অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে ভ্যানগুলো নিয়ে ঘাঁটির দিকে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, যার কয়েকটিতে জ্বালানি তেলের ব্যারেল ছিল।

স্থানীয় এক কৃষকের খবরের ভিত্তিতে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ফেয়ারফোর্ড ঘাঁটিতে পুলিশ পাঠানো হয়। ওই কৃষক কয়েকটি সাদা ভ্যান নিয়ে একদল ব্যক্তিকে সেখানে সন্দেহজনক কর্মকাণ্ড করতে দেখেছিলেন বলে জানান।

যুক্তরাষ্ট্রের আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, ইরাকি নাগরিক ৩৫ বছর বয়সী আল-হাসানি কয়েকজন ব্যক্তিকে ভ্যানে করে ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দেন। এসব ভ্যানের কয়েকটিতে জ্বালানিভর্তি ড্রাম ছিল।

অভিযোগে আরো বলা হয়, এর আগে তিনি ওই ব্যক্তিদের এমন কিছু ধাতব বস্তু কেনার জন্য অর্থ দিয়েছিলেন, যা বিস্ফোরণের সময় ছড়িয়ে পড়ে ক্ষতি করতে পারে। পাশাপাশি ভ্যানগুলোকে জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত যানবাহন হিসেবে দেখানোর ব্যবস্থাও করতে বলেছিলেন তিনি।

ইরানি ও ইরাকি দ্বৈত নাগরিকত্বধারী ৩২ বছর বয়সী আল-সাদি সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে নিউইয়র্কের কারাগারে রয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি সাংকেতিক বার্তার মাধ্যমে আল-হাসানি ও ইরানি নাগরিক ৪৮ বছর বয়সী মোহাজেরির সাথে যোগাযোগ করেন এবং ষড়যন্ত্রের আগে তাদের মধ্যে সমন্বয় করেন।

ঘটনার কয়েক দিন পর যুক্তরাষ্ট্র ওই ঘাঁটি থেকে তাদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘যে কেউ মার্কিন সেনাসদস্যদের অবস্থানরত কোনো সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করলে যুক্তরাষ্ট্র সরকার তার বিচার করবে।’

তিনজনের বিরুদ্ধে আটটি অভিযোগে মামলা করা হয়েছে। এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর পক্ষে আরো কয়েকটি ষড়যন্ত্রে তাদের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।