যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সংগৃহীত ছবি

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের অর্থনীতিকে দুর্বল করে দিতে যুক্তরাষ্ট্রের নেয়া বিভিন্ন পদক্ষেপে নেতৃত্ব দিয়ে আসছেন বেসেন্ট। 

নিষেধাজ্ঞার বিস্তৃত জাল বিস্তারের মাধ্যমে ইরানের অর্থনীতিকে কার্যত পঙ্গু করে দেয়ার অঙ্গীকারও করেছেন তিনি।

গত মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জে ক্লেটন সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তেহরান।

নিউইয়র্ক টাইমস তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই প্রচেষ্টার অংশ হিসেবে বেসেন্টের মতো বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার তৎপরতাও জোরদার করেছে ইরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলোর দাবি, মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র আরো অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। 

এদিকে, ইরান-সমর্থিত হাউছি যোদ্ধাদের হামলা বেড়ে যাওয়ার পর গত মাসে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন— এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেয় ওয়াশিংটন।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে হুমকির খবর পাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাজ্যের দু’টি সামরিক ঘাঁটি থেকে কিছু যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। 

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের ফলে দেশটির বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর প্রয়োজন নেই।

সূত্র : বাসস