
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা কয়েক বিলিয়ন ডলারের মানহানির মামলায় বিবিসির অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) আদালত এ আবেদন নাকচ করে মামলাটি চালিয়ে যাওয়ার অনুমতি দেন।
ট্রাম্পের অভিযোগ, বিবিসি একটি প্রামাণ্যচিত্রে তার বক্তব্যের দু’টি পৃথক অংশ কৌশলে জুড়ে দিয়ে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে। এর ফলে মনে হয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি তিনি সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালানোর উসকানি দিয়েছিলেন।
এ ঘটনায় বিবিসির বিরুদ্ধে মানহানির অভিযোগে অন্তত ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্প। পাশাপাশি ফ্লোরিডার ভোক্তা সুরক্ষা আইনের আওতায় পৃথক আরেকটি দাবিও করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক জেফ্রি টি কুন্টজ বিবিসির বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলাটি খারিজ করার আবেদন নাকচ করেন। তবে একইসাথে তিনি ফ্লোরিডার সুরক্ষা-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগটি খারিজ করে দেন।
৪০ পৃষ্ঠার লিখিত আদেশে বিচারক কুন্টজ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এসব অভিযোগ প্রমাণ করতে পারবেন কি না এবং মামলার চূড়ান্ত শুনানি কিংবা বিচারপর্বে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রতিষ্ঠা করতে পারবেন কি না, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।’
মামলার মূল বিষয় হলো, ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের দেয়া একটি ভাষণের দু’টি পৃথক অংশ জুড়ে দিয়ে বিবিসি একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিল। এতে এমন ধারণা তৈরি হয় যে, ট্রাম্প সরাসরি তার সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালানোর আহ্বান জানিয়েছিলেন।
এ ঘটনায় বিবিসি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে এর জেরে প্রতিষ্ঠানটির একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করলেও ট্রাম্পের প্রকৃত কোনো ক্ষতি হয়েছে—এমন অভিযোগ অস্বীকার করেছে সম্প্রচারমাধ্যমটি।
আদালতের আদেশে বিচারক কুন্টজ বলেন, ‘বক্তব্যের ওই দু’টি অংশের মধ্যে সময়ের ব্যবধান বিবেচনায় এ ধারণা করা যুক্তিসংগত যে, বিবিসি জানত অথবা তাদের জানা উচিত ছিল—তারা যে অংশটি তৈরি করছে, তা মূল বক্তব্যের সত্যনিষ্ঠ উপস্থাপন ছিল না এবং হওয়াও সম্ভব ছিল না।’
তিনি আরো বলেন, ‘এটি কেবল বক্তব্যের সামান্য কিছু অংশ সম্পাদনা বা বাদ দেয়ার ঘটনা ছিল না; বরং মূল ভাষণে যা বলা হয়েছিল, সম্পাদনার মাধ্যমে সেটিকে সম্পূর্ণ ভিন্ন অর্থ দেয়া হয়েছে।’
আদালতের এ আদেশকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি একে ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেন।
পোস্টে তিনি আরো লিখেছেন, ‘যারা মার্কিন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব এবং তাদের পরাজিত করব।’
এর আগে গত মাসে এ মামলায় ট্রাম্পকে কিছুটা আইনি চাপে পড়তে হয়। বিবিসি অভিযোগ করেছিল, শপথের অধীনে তার বক্তব্য নেয়ার চেষ্টা এড়িয়ে যাচ্ছেন ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে একজন ম্যাজিস্ট্রেট বিচারক আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তাকে আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দেয়ার নির্দেশ দেন।
আদালত সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ট্রাম্প জবানবন্দি দিতে উপস্থিত না হলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেয়া হতে পারে। এমনকি তার করা মামলাটিও খারিজ হয়ে যেতে পারে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








