
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট সিনেটে নির্বাচিত ফিলিস্তিনি-আমেরিকান অ্যাবার কাওয়াস ইসরাইলে সামরিক সহায়তা স্থগিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে মার্কিন জনগণের জন্য এক বড় ধরনের বিজয় হিসেবে স্বাগত জানিয়েছেন।
সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে কাওয়াস বলেন, নিউ ইয়র্কের বাসিন্দাসহ দেশজুড়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে, তাদের করের টাকা যেন যুদ্ধ, গণহত্যা এবং বিদেশি সামরিক বাহিনীকে সহায়তা করার পেছনে ব্যয় না করে স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে বিনিয়োগ করা হয়।
ইসরাইলের প্রতি ট্রাম্পের নীতিতে এই পরিবর্তনকে তিনি ওইসব আমেরিকানের 'বিজয়' হিসেবে বর্ণনা করেছেন, যারা ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবিতে গত প্রায় তিন বছর ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন।
কাওয়াস জোর দিয়ে বলেন, রাজনীতিবিদদের কেবল আর্থিক কারণেই নয়, বরং নৈতিকতার ভিত্তিতেও এই ধরনের পদক্ষেপ নেয়া উচিত।
গত ৩ নভেম্বরের নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হওয়া কাওয়াস হলেন নিউ ইয়র্ক স্টেট সিনেটে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং হিজাব পরিহিত প্রথম নারী।
নিজের বিজয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন : 'আমরা ইতিহাস গড়েছি।'
গত ৩ নভেম্বর ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে দেওয়া চার বিলিয়ন ডলারের সহায়তা স্থগিত করবে।
তিনি জানান, চলতি বছরের শেষের মধ্যেই এই সহায়তা বন্ধ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। এ বিষয়ে ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন : 'আমরা আর ইসরাইলকে অর্থ দেব না।'
ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার 'কান'-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ট্রাম্পের এ 'প্রত্যাশাহীন' ঘোষণাটি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে আকস্মিক চমকে দিয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








