
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর পরকাল ও ব্যক্তিগত বিশ্বাস নিয়ে এক খোলামেলা কথোপকথনে অংশ নিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমি একজন ধার্মিক ব্যক্তি, তাই তত্ত্বগতভাবে আমি স্বর্গে যাব। আমি তেমনই আশা করি। আমি নরকে যেতে চাই না।’
সম্প্রতি সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে উপস্থাপক রস ডাউথাটের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
পরকাল ও ক্ষমা নিয়ে ট্রাম্পের স্পষ্ট মত
রোববার (৮ নভেম্বর) প্রচারিত এই সাক্ষাৎকারে উপস্থাপক রস ডাউথাট ৮০ বছর বয়সী ট্রাম্পের কাছে জানতে চান, হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া তার নশ্বরতা সম্পর্কিত চিন্তাভাবনায় কোনো পরিবর্তন এনেছে কি না। একই সাথে তিনি প্রশ্ন করেন, ‘আপনি কি মনে করেন মৃত্যুর পর কী ঘটে?’
প্রেসিডেন্ট কিছুক্ষণ থেমে জবাবে বলেন, ‘ঠিক আছে, আমি আশা করি মানুষ আমাকে মিস করবে।’
তিনি আরো যুক্ত করে বলেন, ‘আচ্ছা, আমি একজন ধার্মিক ব্যক্তি, তাই তত্ত্বগতভাবে আমি স্বর্গে যাব। আমি তেমনই আশা করি। আমি নরকে যেতে চাই না।’
এরপর উপস্থাপক ডাউথাট ট্রাম্পকে জিজ্ঞেস করেন, স্বর্গে প্রবেশের খাতিরে তিনি তার রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে পারবেন কি না।
ডাউথাটের প্রশ্নটি ছিল—
‘ধরুন আপনি মারা গেছেন, আপনি পরকালে প্রবেশ করছেন, আর স্বর্গে যাওয়ার জন্য আপনাকে কেবল জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা যাদের প্রতি আপনি বহু বছর ধরে ঘৃণা প্রকাশ করেছেন, তাদের সবার প্রতি ভালোবাসা ও ক্ষমা অনুভব করতে হবে। আপনি কি মনে করেন আপনি তা করতে পারবেন?’
জবাবে নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেন, ‘উত্তর হলো না। আমি সৎভাবেই বলতে চাই, না।’
রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি তার ক্ষোভের কথা পুনর্ব্যক্ত করে তিনি আরো বলেন, ‘আমি সম্ভবত তা করতে পারব না, না, কারণ আমি আমার কিছু শত্রুকে ঘৃণা করি এবং ভবিষ্যতেও করে যাব।’
ইউএফও ও পাইলটদের অদ্ভুত অভিজ্ঞতা
সাক্ষাৎকারে পরকালের পাশাপাশি অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়েও নিজের অভিজ্ঞতার কথা জানান ট্রাম্প।
তিনি উল্লেখ করেন, তার কাছে মানুষ সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো জানতে চায়, তার মধ্যে ইউএফও সংক্রান্ত বিষয়টি অন্যতম।
হোয়াইট হাউসে তার প্রথম ও দ্বিতীয় মেয়াদের স্মৃতি স্মরণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিমানবাহিনীর অত্যন্ত অভিজ্ঞ পাইলটদের সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং তারা ইউএফও সম্পর্কে কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি এসব খুব একটা বিশ্বাস করি না, তবে আমি ওভাল অফিসে প্রথম মেয়াদ এবং দ্বিতীয় মেয়াদের কিছুটা সময় বিমানবাহিনীর এমন সব পাইলটদের সাথে বসেছি যারা সত্যিই খুব দক্ষ ও নির্ভরযোগ্য মানুষ। তারা এমন মানুষ নন যাদের আপনি ষড়যন্ত্র তত্ত্ববিদ বলবেন। তারা এর অর্থও জানেন না।’
সামরিক পাইলটদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘তবে তারা দুর্দান্ত, অসাধারণ পাইলট। তরুণ, দেখতে সুন্দর। তাদের দারুণ ফ্ল্যাট টপ চুল রয়েছে। আমি তাদের মতোই চুল ছাঁটতে চাই। তাদের একদম নিখুঁত দেখায়, টম ক্রুজের মতো। … তারা ছিপছিপে, জানেন তো, একদম ছিপছিপে এবং সবদিক দিয়েই নিখুঁত। এবং … তারা আসল জিনিস। আর তারা আমাকে এমন কিছু কথা বলেছে যা খুবই অদ্ভুত।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








