
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক দিন আগে টেক্সাস ও মিশিগানের গুরুত্বপূর্ণ সিনেট লড়াইয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। সংবাদমাধ্যম সিএনএনের নতুন একটি জরিপে এ তথ্য জানা গেছে।
জরিপটিতে মেইন ও কানসাসের লড়াইকেও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এখানে কোনো দলই এখনো স্পষ্ট ব্যবধানে এগিয়ে নেই।
এদিকে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসে সম্ভাব্য ভোটারদের ৪৯ শতাংশ ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকোকে সমর্থন করছেন। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে রয়েছেন ৪৩ শতাংশ ভোটার।
মিশিগানে ডেমোক্র্যাট আব্দুল আল-সায়েদ রিপাবলিকান মাইক রজার্সের চেয়ে ৭ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন। আল-সায়েদ পেয়েছেন ৪৯ শতাংশ সমর্থন, আর রজার্স পেয়েছেন ৪২ শতাংশ।
এই নির্বাচনী লড়াইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ডেমোক্র্যাটরা সিনেটে আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে, রিপাবলিকানরা তাদের বর্তমান অবস্থান ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন।
এদিকে, মেইনের নির্বাচনী লড়াইয়ের ফলাফল এখনো অনিশ্চিত। সেখানে রিপাবলিকান সিনেটর সুজান কলিন্সের মুখোমুখি হয়েছেন ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন। যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর গ্রাহাম প্ল্যাটনার সরে দাঁড়ালে তার জায়গায় জ্যাকসনকে প্রার্থী করা হয়।
এর আগে মেইন অঙ্গরাজ্যটিকে রিপাবলিকানদের দখলে থাকা সিনেট আসন জয়ের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের জন্য অন্যতম বড় সুযোগ হিসেবে বিবেচনা করা হতো।
কানসাসও অপ্রত্যাশিতভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য হয়ে উঠেছে। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের পক্ষে ভোট দেয়া এই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিল্টন চ্যালেঞ্জ জানাচ্ছেন বর্তমান রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে।
সূত্র : দ্য নিউজ
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








