মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংগৃহীত ছবি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা ঠেকাতে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশটির জাতীয় নিরাপত্তাপ্রধানের সাথে যোগাযোগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি জানায়, প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাইকে একটি চিঠি পাঠিয়েছেন।

পত্রিকাটির একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চিঠি এবং পরবর্তী সময়ে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনায় শান্তি প্রস্তাবের সুনির্দিষ্ট বিষয়গুলোর পরিবর্তে সম্ভাব্য আলোচনার একটি কাঠামো নিয়ে গুরুত্ব দেয়া হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে।

সংঘাত শুরুর পর ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে। এ পানিপথ দিয়ে আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। ইরানের অনুমতি ছাড়া প্রণালীটি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোতে দেশটি নিয়মিত হামলা চালাচ্ছে।

এদিকে, ইরানের অর্থনীতির ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার আরো জানিয়েছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ‘স্বল্পমেয়াদি ও তীব্র সামরিক অভিযান’ মোকাবেলায় প্রস্তুতি নিতে ওয়াশিংটন উপসাগরীয় কয়েকটি আরব দেশকে জানিয়েছে।

তবে আলোচনা সম্পর্কে অবহিত ব্যক্তিদের উদ্ধৃত করে পত্রিকাটি বলেছে, ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

এদিকে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, দেশটির ওপর নতুন করে কোনো হামলা হলে আরো বিস্তৃত পরিসরে পাল্টা আঘাত হানা হবে। 

রেজাই বলেছেন, এ ধরনের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

সূত্র : বাসস