
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবারের (২৭ অক্টোবর) এ হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, মাদক পাচারের প্রচলিত রুটে চলাচলকারী দ্রুতগতির একটি নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
সাউথকম আরো জানায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে নৌযানটির মাদক পাচারে সক্রিয়ভাবে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পোস্টের সাথে প্রকাশিত একটি ভিডিওতে স্থির অবস্থায় থাকা একটি নৌযান বিস্ফোরণের পর আগুনে ঢেকে যেতে দেখা যায়।
২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুতে মাদক পাচারের অভিযোগে নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, লাতিন আমেরিকাভিত্তিক মাদক চক্রগুলোর বিরুদ্ধে কার্যত যুদ্ধে নেমেছে ওয়াশিংটন।
এএফপির হিসাব অনুযায়ী জানা গেছে, এরপর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের হামলায় কমপক্ষে ২৩৫ জন নিহত হয়েছেন।
তবে যেসব নৌযানে হামলা চালানো হয়েছে, সেগুলো মাদক পাচারের সাথে জড়িত— এমন অকাট্য প্রমাণ এখনো প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন।
আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে। কারণ হামলার লক্ষ্যবস্তু করা ব্যক্তিরা বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে, যারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি সৃষ্টি করছিলেন না।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








