ব্রাজিলের শেয়ারবাজারে প্রায় ১৭ শতাংশ দরপতন হয়েছে
ব্রাজিলের শেয়ারবাজারে প্রায় ১৭ শতাংশ দরপতন হয়েছে। সংগৃহীত ছবি

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পুনর্নির্বাচিত হওয়ার পর সোমবার (২৬ অক্টোবর) লেনদেন শুরুর সময় দেশটির শেয়ারবাজারে প্রায় ১৭ শতাংশ দরপতন হয়েছে।

Advertisement

বামপন্থী নেতা লুলা নির্বাচনে ৫১ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। তার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ ভোট। ফ্লাভিও কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। 

ইবোভেসপা সূচকের বড় ধরনের পতনের কারণে ৩০ মিনিটের জন্য শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়। এদিকে, ব্রাজিলের মুদ্রা রিয়ালের বিপরীতে মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়েছে ১২ শতাংশ। 

এক বিবৃতিতে বলা হয়, বাজারে তীব্র দরপতনের সময় ব্যবহারের জন্য নির্ধারিত ‘সার্কিট ব্রেকার’ ব্যবস্থা সক্রিয় হওয়ায় লেনদেন বন্ধ রাখা হয়।

চলতি মাসের শুরুর দিকে নির্বাচনের প্রথম দফায় বলসোনারোর জয়ের পর ব্রাজিলের শেয়ারবাজারে বড় উত্থান ঘটে। সূচক পৌঁছায় রেকর্ড উচ্চতায়। তবে সোমবার দরপতনের ফলে শেয়ারদর নির্বাচনের আগের পর্যায়ের নিচে নেমে যায়।

এর আগে, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের সাবপ্রাইম ঋণসঙ্কট এবং ২০২০ সালে করোনা ভাইরাস মহামারির সময়ও বাজারের বড় ধরনের পতন ঠেকাতে সার্কিট ব্রেকার ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।

লুলা তার তৃতীয় মেয়াদের শেষ পর্যায়ে রয়েছেন। এ সময়ে দেশটিতে কর্মসংস্থানের হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সরকারি ব্যয় বেড়েছে এবং ঋণের বোঝাও বাড়ছে।

ব্রাজিলের মানুষ ক্রয়ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে অভিযোগ করছেন। অন্যদিকে, কর্তৃপক্ষ পরিবারের ঋণ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে ব্রাজিল বিশ্বের সর্বোচ্চ নীতিনির্ধারণী সুদের হার থাকা দেশগুলোর একটি হিসেবে রয়ে গেছে।

সূত্র : বাসস