মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

আলাস্কায় সিনেট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী হেরে গেলে নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক অনুমোদন ঠেকাতে বিচার বিভাগকে একটি মামলা করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ অক্টোবর) তিনি এ কথা জানান। 

Advertisement

তার এই পদক্ষেপের ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে পরাজিত হলে তিনি সেই ফলাফল মেনে নেবেন কি না— তা নিয়ে নতুন করে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

ফ্লোরিডা সফরকালে ট্রাম্প বলেন, ‘আমিই বলেছিলাম, এটা করো।’  

আগামী ৩ নভেম্বরের নির্বাচনে আগাম ভোট দিতে ফ্লোরিডায় যাওয়ার কথা রয়েছে তার। এই নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে।

সম্ভাব্য নির্বাচনী ফল প্রকাশের আগেই তা চ্যালেঞ্জ করতে একজন প্রেসিডেন্টের এমন উদ্যোগ মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি করেছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্প নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার চেষ্টা করেছিলেন। 

এবারো তিনি আসন্ন নির্বাচনের বৈধতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। বিভিন্ন পূর্বাভাসে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য আসন লাভের সম্ভাবনার কথা বলা হচ্ছে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা জয়ী হলে, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকে ট্রাম্প যেভাবে ব্যাপক ক্ষমতা প্রয়োগ করছেন, তাতে প্রথমবারের মতো কার্যকর বাধা তৈরি করতে পারবে দলটি। আর এমনটা ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে।

সিনেটেও ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। এর জন্য রিপাবলিকানদের দখলে থাকা কয়েকটি আসনে জয় পেতে হবে তাদের। 

এসব আসনের মধ্যে আলাস্কাও রয়েছে। সেখানে বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা।

বৃহস্পতিবার দায়ের করা মামলায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ করেছে, আলাস্কার সিনেট নির্বাচনে ড্যান জে সুলিভান জুনিয়র নামে স্বল্পপরিচিত আরেক প্রার্থীর উপস্থিতি ভোটারদের বিভ্রান্ত করা ও বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের জয়ের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে নেয়া একটি পরিকল্পিত কৌশল।

মামলায় বলা হয়েছে, ‘তার প্রার্থী হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো সিনেটর সুলিভানের পক্ষে পড়া ভোটের সংখ্যা কমিয়ে পেলটোলার নির্বাচনী প্রচারকে সুবিধা দেয়া।’

ডেমোক্র্যাটরা ও সুলিভান জুনিয়র নিজে এ অভিযোগ অস্বীকার করেছেন। সুলিভান জুনিয়র একজন নিবন্ধিত রিপাবলিকান।

মামলায় বিচার বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, বর্তমান রিপাবলিকান সিনেটর পরাজিত হলে ও তার সাথে একই নামের অন্য প্রার্থী যত ভোট পেয়েছেন, পরাজয়ের ব্যবধান তার চেয়ে কম হলে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন স্থগিত রাখা হোক। এ সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করার দাবি জানানো হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বৃহস্পতিবার বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো প্রস্তুতি বিচার বিভাগের নেই। 

হোয়াইট হাউস থেকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার দীর্ঘদিনের রীতি তিনি একাধিকবার ভঙ্গ করেছেন বলে সমালোচনা রয়েছে।

তবে তিনি এমন পদক্ষেপ নেয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। পরিস্থিতিটিকে ‘চরম বিপর্যয়কর’ বলে উল্লেখ করে ব্ল্যাঞ্চ বলেন, ‘এমন কোনো পরিস্থিতিই কখনো তৈরি হবে না, যেখানে আমরা এ ধরনের পদক্ষেপ নেব না— এ কথা আমি বলতে পারি না।’ 

ডেমোক্র্যাটদের অভিযোগ, অঙ্গরাজ্য পরিচালিত নির্বাচনের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা ও নির্বাচনের ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তোলার মাধ্যমে ট্রাম্প প্রশাসন আগামী নভেম্বরের ভোটের ফলাফল নিজেদের অনুকূলে নেয়ার পথ খুঁজছে।

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প আলাস্কায় ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে দেশজুড়ে রিপাবলিকান দল ও ট্রাম্পের প্রতি অসন্তোষ বাড়তে থাকায় সাবেক আদিবাসী বিচারক ও আলাস্কার স্থানীয় জনগোষ্ঠীর সদস্য মেরি পেলটোলা এবার তাদের বিরুদ্ধে জোরালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন।

আলাস্কা যুক্তরাষ্ট্রের বিশাল আয়তনের একটি অঙ্গরাজ্য। এর জনসংখ্যা প্রায় সাত লাখ ৪০ হাজার।

সূত্র : বাসস