
ইরানের সরকারের সাথে চুক্তিতে পৌঁছানো কঠিন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইরানের সরকার ‘শরিয়ত অনুসারী আলেমদের’ নিয়ন্ত্রণে, যারা দ্বীনি বিশ্বাস দ্বারা পরিচালিত হন। এ কারণে তাদের সাথে সমঝোতায় পৌঁছানো কঠিন।
মঙ্গলবার ভারত সফরে এসে নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রুবিও। তিন দিনের সফরে তিনি বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন।
ইরানের কর্তৃপক্ষ জনগণের জীবনমান উন্নয়ন বা দেশের উন্নয়নে প্রাপ্ত সম্পদ কাজে লাগায় না—এমন অভিযোগ তুলে তেহরানের ওপর ‘অসাধারণ অর্থনৈতিক চাপ’ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে প্রতি রাতে জাহাজ চলাচল এবং তেল ও জ্বালানি পরিবহনের পরিমাণ নিয়ে রুবিও বলেন, সংঘাত শুরুর আগে যে পরিমাণ জাহাজ চলাচল করতো এখন সে তুলনায় ৮০ থেকে ১০০ শতাংশ পরিবহন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সংঘাতে জড়িত নয়, এমন বাণিজ্যিক জাহাজ ও নাবিকদেরও ইরান নিশানা করছে বলে অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। ইরানের ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রই জাহাজে আঘাত হানার আগেই ধ্বংস করা হচ্ছে।
রুবিও বলেন, ‘প্রতি রাতেই যুক্তরাষ্ট্র জাহাজ চলাচল সুরক্ষায় কাজ করছে। জাহাজ লক্ষ্য করে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশই ধ্বংস করা হয়। দুর্ভাগ্যজনকভাবে, মাঝেমধ্যে কোনো একটি প্রতিরক্ষা ভেদ করে জাহাজে আঘাত হানে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








