ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প
ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আজ বুধবার (২১ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন। এতে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ভার্চুয়ালি অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। 

Advertisement

এর আগে, মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অসলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সাথে ‘অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা’ করেছেন।

রাশিয়ার সাথে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা ও যুদ্ধ বন্ধে জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ নিয়ে ট্রাম্পের অবস্থানের পর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে সৃষ্ট দূরত্ব কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে অসলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সাথে জেলেনস্কির এ আলোচনা অনুষ্ঠিত হলো।

অসলোর বৈঠকের পর নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ইউক্রেন নতুন কিছু ধারণা ও প্রস্তাব তুলে ধরেছে। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘রাশিয়ার সাথে যোগাযোগ ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে সমন্বিত কৌশল নির্ধারণে পক্ষগুলো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

ওই কর্মকর্তা জানান, অসলোর আলোচনায় অর্জিত অগ্রগতিকে এগিয়ে নেয়া এবং কিয়েভ, মস্কো ও ওয়াশিংটনের সরাসরি ত্রিপক্ষীয় আলোচনার পথ তৈরি করাই পুতিনের সাথে উইটকফের বৈঠকের লক্ষ্য।

তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনো বাকি থাকলেও আজকের আলোচনা অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে পক্ষগুলোর মধ্যে জোরালো সহযোগিতা এবং একটি পূর্ণাঙ্গ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার অভিন্ন সংকল্পের প্রতিফলন ঘটেছে।

সূত্র : বাসস