
ইসরাইলের আসন্ন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সমর্থন’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের নির্বাচনের সময় বাকি আছে ১০ দিনেরও কম।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক বার্তায় ট্রাম্প নেতানিয়াহুকে ‘শক্তিশালী, সাহসী ও দূরদর্শী’ নেতা হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্প লেখেন, ‘নেতানিয়াহুকে আমি কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখেছি। অন্য যেকোনো সাধারণ মানুষ এমন মানসিক চাপে ভেঙে পড়ত, কিন্তু তিনি ভেঙে পড়েননি; বরং আরো শক্তিশালী হয়েছেন।’ তিনি ইসরাইলি জনগণকে আশ্বস্ত করে বলেন যে, নেতানিয়াহু কখনোই তাদের হতাশ করবেন না এবং তার বিকল্প কোনো নেতাকে বেছে নেয়া ইসরাইলের জন্য ভুল সিদ্ধান্ত হবে।
ট্রাম্প আরো সতর্ক করেন যে, ইরান পথ না বদলালে যুক্তরাষ্ট্রকে খুব শিগগিরই ইরানের বিষয়ে ব্যবস্থা নিয়ে কাজ শেষ করতে হবে। নেতানিয়াহু ক্ষমতায় না থাকলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপ নেয়া সহজ বা কাঙ্ক্ষিত হবে না বলেও তিনি ইঙ্গিত দেন।
ট্রাম্পের এই সমর্থনের জবাবে নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার দারুণ সমর্থন ও সহযোগিতার জন্য। আমরা একসাথে আমাদের মিশন সম্পূর্ণ করব!’
উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর ইসরাইলের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ জরিপগুলোতে দেখা গেছে, নেতানিয়াহুর জোট এবং সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে পারে। ফলে অনেকের মতো এতে করে অচলাবস্থার সৃষ্টি হবে।
ইসরাইলের মাআরিভ পত্রিকার জরিপ অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে উভয় জোটই ৫১টি করে আসন পেতে পারে। তবে প্রধানমন্ত্রী পদের জন্য ব্যক্তি হিসেবে নেতানিয়াহুর (৪১ শতাংশ) চেয়ে গাদি আইসেনকট (৪৮ শতাংশ) এগিয়ে রয়েছেন।
সূত্র : মিডিল ইস্ট আই
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








