
কানাডার আলবার্টা প্রদেশের এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে দেশটির সশস্ত্র বাহিনীর চার সদস্য নিহত ও অন্তত ৩৯ জন আহত হয়েছেন।
বিবিসি সোমবার (১৯ অক্টোবর) জানায়, আলবার্টার অন্যতম ব্যস্ত প্রশিক্ষণ ঘাঁটি ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’-এ শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে (২২:০০ জিএমটি) আগুন লাগে। অটোয়া থেকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে 'শান্তিকালীন সময়ে কানাডার মাটিতে সশস্ত্র বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি' হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'দেশের হারানো বীর সেনাদের জন্য পুরো জাতি আজ শোকাহত।'
বিবিসি নিশ্চিত করেছে যে, ঘটনায় সার্জেন্ট মরগান অং, প্রাইভেট শন ফারেল, প্রাইভেট আইদান গোল্ডিং ও প্রাইভেট হেইডেন লাইকমার্ক নিহত হয়েছেন। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ রবিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানান, হাসপাতালে চিকিৎসাধীন ৩৯ জনের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক দল আগুন যেন পুনরায় না ছড়ায়, তা নিশ্চিত করতে ঘাঁটিতে কাজ করে যাচ্ছে।
ঘাঁটির পদাতিক বাহিনীর সদস্যরা একটি গ্রেনেড ও অ্যাটাক রেঞ্জে সরাসরি গোলাবারুদ ব্যবহার করে উচ্চমাত্রার যুদ্ধ প্রশিক্ষণ চালাচ্ছিলেন। ওই সময় আনুমানিক এক কিলোমিটার দূরে হঠাৎ ঘাসে আগুন ধরে যায় এবং তীব্র বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে প্রশিক্ষণ প্রশাসনিক এলাকার দিকে চলে আসে। ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা বা তেল-গ্যাস অবকাঠামোগত ত্রুটি নয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
এডমন্টন থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়েনরাইট ঘাঁটিটি কানাডা ও তার মিত্রদের লাইভ-ফায়ার অনুশীলনের জন্য প্রধান কেন্দ্র। আহতদের উদ্ধারে স্থানীয় স্বাস্থ্য বিভাগ অন্তত ৩০টি অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স পাঠায়। ওয়েনরাইট ও এডমন্টনের হাসপাতালগুলোতে বিপুল সংখ্যক দগ্ধ ও আহত সেনাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








