যুক্তরাষ্ট্র ও কিউবার পতাকা
যুক্তরাষ্ট্র ও কিউবার পতাকা। সংগৃহীত ছবি

ইরানের একটি ব্যাংকের সাথে সম্পর্ক থাকার অভিযোগে কিউবার ব্যাংকো ইন্টারন্যাশনাল দে কোমেরসিও এসএ (বিআইসিএসএ)-এর ওপর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

Advertisement

ইরানের নিষেধাজ্ঞার আওতায় থাকা কারাফারিন ব্যাংকের সাথে সম্পর্কের অভিযোগে কিউবার এই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ২০২০ সাল থেকে কারাফারিন ব্যাংক মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো জোরদার করার মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, গত ২০২২ সাল থেকে কিউবার বিআইসিএসএ ব্যাংকের সাথে কারাফারিন ব্যাংকের যোগাযোগ রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিউনিস্ট শাসিত কিউবাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার জন্য বিভিন্ন ক্ষতিকর শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি হিসেবে ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে রয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্র, যাকে বিশ্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদের সবচেয়ে বড় সমর্থক বলে মনে করে যুক্তরাষ্ট্র।’

এদিকে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এ পদক্ষেপকে ‘আগ্রাসী’ বলে আখ্যা দেন। তিনি বলেন, বিআইসিএসএ একটি সম্পূর্ণ বৈধ ব্যাংক এবং কিউবা ও বিশ্বের অন্যান্য দেশে ব্যাংকটির লেনদেনও সম্পূর্ণ বৈধ।

রদ্রিগেজ আরো বলেন, ‘এ পদক্ষেপের মাধ্যমে কিউবার জনগণের ওপর সর্বোচ্চ মাত্রার সম্মিলিত শাস্তি চাপিয়ে দেয়ার এবং দেশটির অর্থনীতির সব ধরনের কার্যক্রমের পথ বন্ধ করে দেয়ার অপরাধমূলক সংকল্পের প্রতিফলন ঘটেছে।’

গত ২৯ জানুয়ারি ট্রাম্প প্রশাসন কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে নিষেধাজ্ঞা ও তেল অবরোধের মাধ্যমে দেশটির ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ ক্রমাগত বাড়িয়েছে ওয়াশিংটন।

এদিকে, বৃহস্পতিবার ইরানের সাথে আর্থিক সম্পর্কের অভিযোগে ইরাকভিত্তিক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, ব্যাংকটি ইরান এবং দেশটির কয়েকটি ব্যাংককে আর্থিক সেবা ও মার্কিন ডলারে লেনদেনের সুযোগ দিয়ে থাকে।

এছাড়া কয়েকটি ইরানি ব্যাংক, কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সূত্র : বাসস