
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে অবস্থান নেয়া বা এ-সংক্রান্ত কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৬ জন শিক্ষক ও শিক্ষাবিদ চাকরি হারিয়েছেন। পশ্চিম এশিয়া স্টাডিজ অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শিক্ষাবিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে মোট ১৯৬টি শাস্তিমূলক পদক্ষেপের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৬টি চাকরিচ্যুতির ঘটনা, ৫৯টি সাময়িক বরখাস্ত বা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞার ঘটনা এবং ৩৫টি প্রশাসনিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের ঘটনা।
এসব পদক্ষেপের শিকার ব্যক্তিরা ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় প্রকাশিত বিবৃতিতে স্বাক্ষর করেছেন অথবা ইসরাইলি দখলদারিত্বের সমালোচনা করে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন।
প্রতিবেদন থেকে জানা গেছে, নথিভুক্ত ঘটনার ৫৪ শতাংশই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংঘটিত কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত, তবে এসব কর্মকাণ্ড শ্রেণিকক্ষের বাইরে অনুষ্ঠিত হয়েছিল।
পশ্চিম এশিয়া স্টাডিজ অ্যাসোসিয়েশন সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও কানাডায় মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








