ইরান,চুক্তি,  ডোনাল্ড ট্রাম্প, আলোচনা, বিশেষ দূত
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ কাজ করছেন এবং তিনি ‘খুব ভালো করছেন’। তবে এমন চুক্তি করা নিজের পছন্দের নয় বলেও জানিয়েছেন ট্রাম্প।

Advertisement

আল জাজিরা বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জানায়, টেক্সাসের সান আন্তোনিওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তিনি ইরানের সাথে চুক্তি নিয়ে কাজ করছেন এবং খুব ভালো করছেন। আমি চুক্তি করতে আসলে চাই না। তবে যুদ্ধ থামাতে তারা আমাদের যা কিছু দেয়া সম্ভব, সবই দিতে রাজি।’

ট্রাম্প বলেন, ইরান ‘কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না’। উইটকফকে তিনি ‘দারুণ আলোচক’ বলেও প্রশংসা করেন।

যুদ্ধ শিগগিরই শেষ হবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ওই যুদ্ধ শেষ হবে—খুব শিগগিরই। এটা খুব শিগগিরই শেষ হতে হবে।’ ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশটির মধ্যে ‘সামান্য লড়াইয়ের স্পৃহা এখনো আছে, তবে খুব বেশি নয়’।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। উপসাগর ও হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বেড়ে যাওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরো তীব্র হয়েছে।

এর মধ্যেই ইরান সাত দিনের একটি সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালী আবার খুলে দেয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করা শুরু করবে এবং ইরানের আটকে থাকা অর্থ ছাড় করবে। পারমাণবিক ইস্যুতে আলোচনা হবে পরে, আলাদাভাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।